ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক তিন দিন আগে স্বাগতিক শ্রীলঙ্কাকে দারুণ এক উপহার দিয়েছেন কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও ‘পাবলিক চয়েজ’ বা জনমানুষের প্রিয় - অর্থাৎ তিন বিভাগে পুরস্কার জিতেছেন তিনি।
শনিবার কলম্বোতে এক জাঁক-জমকপূর্ণ অনুষ্ঠানে সাঙ্গাকারার হাতে পুরস্কার তিনটি তুলে দেয়া হয়। তিনিই আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বিজয়ী প্রথম শ্রীলঙ্কান।
গত বছরের ৪ অগাস্ট থেকে এ বছরের ৬ অগাস্ট পর্যন্ত ১৪ টেস্টে ৬০.১৬ গড়ে পাঁচটি করে শতক ও অর্ধশতকসহ ১,৪৪৪ রান করেন সাঙ্গাকারা। এই সময়ে ওয়ানডেতেও সফল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। ৩৭টি ওয়ানডেতে ৪২.৮৫ গড়ে ৩টি শতক ও ৯টি অর্ধশতকসহ ১,৪৫৭ রান এসেছে তার ব্যাট থেকে।
তিন-তিনটি পুরস্কার পেয়ে আবেগে আপ্লুত সাঙ্গাকারা বলেন, “এটা সত্যিই অসাধারণ সম্মান। এর আগে অসাধারণ ক্রিকেটাররা এই পুরস্কার জিতেছেন। তাদের পাশে দাঁড়াতে পেরে সম্মানিত বোধ করছি।”
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ৩১ ম্যাচে ৮টি শতক ও ৬টি অর্ধশতকসহ ৬৬.৬৫ গড়ে ১,৭৩৩ রান করা ভারতের বিরাট কোহলি।
টি-টোয়েন্টির সেরা পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড গড়া দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৫ বলে শতক করার পুরস্কার পেয়েছেন তিনি। আর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারায়ণ।
আইসিসির বর্ষসেরা পুরস্কার প্রবর্তন হওয়ার পর থেকেই বর্ষসেরা আম্পায়ার হয়ে আসছিলেন সাইমন টফেল ও আলীম দার। এবার এই দুজনকে পেছনে ফেলে বর্ষসেরা আম্পায়ার হয়েছেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।
সহযোগী দেশের সেরা খেলোয়াড় হয়েছেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল, আর আইসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি।
ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর সেরা মহিলা ওয়ানডে খেলোয়াড় এবং ইংল্যান্ডের সারাহ টেলর সেরা মহিলা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৫ঘ.
bdnews24