২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে হোয়াটমোরের সতর্কতা

গত মার্চে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে দুবার পাকিস্তানের কাছে হার মানলেও দুটো ম্যাচেই তীব্র লড়াই করেছিলো বাংলাদেশ। ফাইনালে তো মুশফিকুর রহিমের দল হেরেছিলো মাত্র ২ রানে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই সাবেক দলকে নিয়ে ভীষণ সতর্ক পাকিস্তানের বর্তমান কোচ ডেভ হোয়াটমোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মার্চে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে দুবার পাকিস্তানের কাছে হার মানলেও দুটো ম্যাচেই তীব্র লড়াই করেছিলো বাংলাদেশ। ফাইনালে তো মুশফিকুর রহিমের দল হেরেছিলো মাত্র ২ রানে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই সাবেক দলকে নিয়ে ভীষণ সতর্ক পাকিস্তানের বর্তমান কোচ ডেভ হোয়াটমোর। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দেখতে কলম্বোর কোল্টস ক্লাব মাঠে হোয়াটমোর হাজির ছিলেন। পুরনো দলকে বাজিয়ে দেখার লক্ষ্যেই হোয়াটমোরের এই ‘অভিযান’। বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন হোয়াটমোর। তাই বাংলাদেশের শক্তি- দুর্বলতা দুটো সম্পর্কেই তার ভালো ধারণা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ সদস্যের শুরুর সময়টা খুব কাছ থেকে দেখেছেন তিনি। শনিবার বাংলাদেশের খেলা দেখতে-দেখতে অনেক কিছু টুকে নিয়েছেন হোয়াটমোর। যদিও সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দলের কোচ। সাংবাদিকদের শুধু জানিয়েছেন, “আপনারা যা দেখেছেন আমিও তাই দেখেছি। আপাতত কিছু ভাবছি না। খেলা দেখে বেশ কিছু তথ্য মাথায় রেখে দিয়েছি। পরে এ নিয়ে চিন্তা-ভাবনা করা যাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৮ঘ.