ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী জুটির সাফল্যের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী মোহাম্মদ আশরাফুল। যে জুটিতে তার সঙ্গী আক্রমণাত্মক ব্যাটসম্যান তামিম ইকবাল।
শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের দলের জয়ের অন্যতম নায়ক ২৫ বলে ৩৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা আশরাফুল।
ম্যাচ শেষে তিনি বলেন, “বেশ কিছু দিন ধরেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছি। এই ভূমিকায় আমি বেশ মানিয়েও গেছি। তামিমের সঙ্গে আমার শুরুটাও বেশ ভালো হচ্ছে।”
“বড় ইনিংস তো অবশ্যই খেলতে চাই, কিন্তু সা¤প্রতিক সময়ে তেমন ভালো উইকেটে খেলার সুযোগ হয়নি আমাদের। আশা করি বিশ্বকাপের সময় ব্যাটিং সহায়ক উইকেট পাবো। বর্তমান ছন্দ তখনো ধরে রাখতে চাই,” যোগ করেন আশরাফুল।
বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। তবে তাতে হতাশ নন আশরাফুল। তিনি বলেন, “আরো বড় ব্যবধানে জিততে পারলে ভালো লাগতো। তারপরও এই ফলাফলে আমরা সন্তুষ্ট। উইকেট বেশ শ্লথ ছিল বলে ব্যাট করা সহজ ছিলো না।”
“টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হতে পারে। কয়েকটি ওভারে রান না-ও আসতে পারে, দ্রুত উইকেট পড়ে গিয়ে খেলার মোড়ও ঘুরে যেতে পারে। তবে জয় নিয়ে আমাদের মধ্যে কোনো শঙ্কা ছিলো না। আমাদের দল দারুণ ভারসাম্যপূর্ণ। আমার ও সাকিবের বিদায়ের পর অল্প সময়ের ব্যবধানে আরো দুটি উইকেট পড়ে গেলেও মাহমুদুল্লাহ রিয়াদ ও জিয়াউর রহমানের ব্যাটিংয়েই আমাদের দলের আত্মবিশ্বাস প্রতিফলিত,” যোগ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
শুধু ব্যাটিং নয়, বাংলাদেশের ফিল্ডিং ও বোলিং নিয়েও তার কণ্ঠে উচ্ছ্বাস। আশরাফুল বলেন, “আমাদের ফিল্ডিং ভালো হচ্ছে। প্রচন্ড গরমের মধ্যে খেলতে হলেও বোলাররা খুব ভালো বল করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৬ঘ.
bdnews24