২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ২-১ ব্যবধানে সিরিজ হারলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 05:15 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ২-১ ব্যবধানে সিরিজ হারলো। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ৮৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৭ উইকেটে ৬৯ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয় নি। দক্ষিণ আফ্রিকার বোলারদের আঁটোসাটো বোলিংয়ের বিপক্ষে রান তুলতে রীতিমত লড়াই করতে হয়েছে লতা মন্ডল, সালমা খাতুনদের। বাংলাদেশের সম্ভাবনা টিকিয়ে রেখেছিলেন ফারজানা হক পিঙ্কি (২৩)। পনেরতম ওভারে ত্রিশা ছেট্টিকে দারুণ এক ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান তিনি। কিন্তু পরের ওভারের শেষ বলে সুনীতি লুবসারের বলে সান্দ্রে ফ্রিটজের ক্যাচে পরিণত হয়ে তিনি মাঠ ছাড়লে ভীষণ বিপদে পড়ে স্বাগতিকরা। দলীয় ৫৬ রানে ফারজানার বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। ৯ রানে ২ উইকেট নিয়ে ডেন ভ্যান নিকার্ক দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। অতিথি দলের দুই উদ্বোধনী বোলারের ৮ ওভার থেকে আসে কেবল ১০ রান। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক মিগনন দু প্রিজকে প্রায় একাই খেলতে হয়েছে। আয়েশা রহমান, খাদিজাতুল কোবরা আর লিলি রানীদের মারাত্মক বোলিংয়ের মুখে মিগনন ছাড়া কেবল মারিজান্নে কাপ পৌঁছান দুই অঙ্কের কোঠায়। এ দুজন ছাড়া বাকি নয় জনের অবদান কেবল ১৩ রান। চতুর্থ উইকেটে মারিজান্নের (২১) সঙ্গে মিগননের ৪৪ রানের জুটি অতিথিদের বড় সংগ্রহের দিকেই নিয়ে যাচ্ছিল। কিন্তু দলীয় ৭৫ রানে আয়েশার বলে মারিজান্নে বোল্ড হয়ে গেলে খেলার চিত্র পাল্টে যায়। মারিজান্নের বিদায়ের পর ১০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে একশও করতে পারেনি দলটি। দলীয় ৮০ রানে বিদায় নেয়ার আগে মিগনন করেন ৫০ রান। তার ৪৮ বলের ইনিংসে ৭টি চার। বাংলাদেশের পক্ষে আয়েশা (৩/৪) ও কুবরা (৩/১৪) তিনটি করে উইকেট নেন। এছাড়া লিলি ১৮ রানে নেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩২৮ ঘ.