ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত সফরে স্পিনের বিপক্ষে মোটেও স্বচ্ছন্দ্য ছিলেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্র“পে নিউজিল্যান্ডের দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তান দলে একাধিক উঁচু মানের স্পিনার রয়েছেন। তাদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ের আহ্বান জানিয়েছেন দলের অধিনায়ক রস টেলর।
কলম্বোয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টেলর বলেন, “ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আমরা অনেক বেশি আক্রমণাত্মক ছিলাম। সেই সময়ে স্পিনাররা আমাদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি। আক্রমণাত্মক থাকো, বিশ্বমানের স্পিনারদের বিপক্ষে এটাই আমাদের পরিকল্পনা।”
দলে বেশ কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়ে দুশ্চিন্তায় নিউজিল্যান্ড অধিনায়ক। টেলর আশা করছেন টুর্নামেন্ট শুরুর আগেই তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
“কাইল মিলসকে নিয়ে একটু শঙ্কা রয়েছে, তবে প্রতিদিন তার অবস্থার উন্নতি হচ্ছে। ধীরে হলেও ব্রেন্ডন ম্যাককালামের হাতের উন্নতি হচ্ছে,” বলেন টেলর।
২১ সেপ্টেম্বর পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
দলের সম্পর্কে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, “আমার মনে এটা আমাদের যথার্থ প্রস্তুতির সুযোগ করে দেবে। যে কোনো পর্যায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সব সময় প্রতিদ্বন্দ্বীপূর্ণ হয়।”
নিউজিল্যান্ডের কোচ মাইক হেনসন সাগ্রহে অপেক্ষা করছেন দলের সঙ্গে প্রথম আইসিসি টুর্নামেন্টের জন্য।
তিনি বলেন, “ভারতে টেস্টের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। কিন্তু ব্যাঙ্গালোরে দ্বিতীয় টেস্টে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা ব্যাটিংয়ে উন্নতি করেছি বিশেষ করে স্পিনের বিপক্ষে ‘ডিফেন্স’ এর ক্ষেত্রে। চেন্নাইয়ের টি-টোয়েন্টি ম্যাচটি বিশ্বকাপে খেলার আত্মবিশ্বাস যোগাচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৩ ঘ.
bdnews24