ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাজে ব্যাটিংয়ের কারণে পাকিস্তানের ব্যাটসম্যানদের ওপরে ভীষণ ক্ষুব্ধ ওয়াসিম আকরাম। সর্বকালের সেরা বাঁহাতি পেসার খোলাখুলিভাবেই সমালোচনা করেছেন নিজের দেশের ব্যাটসম্যানদের।
সোমবার ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৪ রানে অলআউট হয়ে ৯৪ রানে হেরে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে হার।
এমন ব্যাটিংয়ে আকরাম স্বাভাবিকভাবেই হতাশ। তিনি বলেন, “আমাকে যা সবচেয়ে বেশি দুঃখ দিচ্ছে তা হলো, পাকিস্তানের ক্রিকেটে কোনো পরিবর্তনই আসেনি। দশ বছর আগে যা ছিলো এখনো তাই আছে।”
“দশ বছর আগে আমরা যেভাবে খেলতাম এখনো সেভাবেই খেলছি। টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচেও জেতার মতো অনুপ্রাণিত বা উজ্জীবিত মনে হয়নি ক্রিকেটারদের। অথচ এটাই বড় দলের বৈশিষ্ট্য,” যোগ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
আকরাম আরো বলেন, “তৃতীয় ম্যাচ জেতার জন্য কোনো ক্রিকেটারকেই তেমন পরিশ্রম করতে দেখা যায়নি। আমাদের ব্যাটসম্যানরা যদি এখনো ভুল থেকে শিখতে না পারে, ধারাবাহিকভাবে ভালো খেলতে না পারে তাহলে কবে পারবে? তাদের ব্যাটিং ছিলো ভীষণ হতাশাজনক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৫৬ঘ.
bdnews24