২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারকে সম্মানের সঙ্গে অবসরের পরামর্শ ইমরানের

এত দিন যা ছিল চাপা ফিসফাস, নিউজিল্যান্ডের সঙ্গে তিন বার বোল্ড হওয়ায় তা অনেকখানি উচ্চকিত। ইমরান খানও এখন এই আলোচনায় শামিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এত দিন যা ছিল চাপা ফিসফাস, নিউজিল্যান্ডের সঙ্গে তিন বার বোল্ড হওয়ায় তা অনেকখানি উচ্চকিত। শচীন টেন্ডুলকারের অবসর সংক্রান্ত আলোচনায় ইদানীং ক্রিকেট-দুনিয়া একটু বেশিই ব্যস্ত। ইমরান খানও এখন এই আলোচনায় শামিল। নির্বাচকদের অনুগ্রহে নয়, বরং টেন্ডুলকারকে মাথা উঁচু করে বিদায় নেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট-কিংবদন্তী। ভারতের সংবাদ-ভিত্তিক টিভি চ্যানেল ‘এনডিটিভি’র সঙ্গে কথা বলার সময় ইমরান বলেন, “শচীন (টেন্ডুলকার) একজন দুর্দান্ত ক্রিকেটার। আমি শুধু একটা কথাই বলতে পারি, তার জায়গায় থাকলে আমি মাথা উঁচু করে বিদায় নিতে চাইতাম। এবং আমার সবচেয়ে দুশ্চিন্তা থাকতো নির্বাচকদের অনুগ্রহে খেলছি কিনা, তা নিয়ে।” ইমরানের কাছে প্রশ্ন রাখা হয়েছিলো, ‘তাহলে কি টেন্ডুলকার নির্বাচকদের অনুগ্রহে খেলে যাচ্ছেন?’ এই প্রশ্নের উত্তরে পাকিস্তানের সর্বকালের সেরা অলরাউন্ডার কিছুটা যেন কূটনৈতিক! তিনি বলেন, “না, কিন্তু আপনি কেন নিজেকে এই জায়গায় নিয়ে যাবেন? আমি বলতে চাইছি, শচীনের কী অসাধারণ সব অর্জন! সে কি মাথা উঁচু করে বিদায় নিতে চায় না?” ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড নিজের করে নেয়া টেন্ডুলকার ইদানীং নিজের ক্ষমতা অনুযায়ী খেলতে পারছেন কিনা, তা নিয়েই যেন ইমরান বেশি চিন্তিত। তিনি বলেন, “আবারও নিজেকে ওর (টেন্ডুলকারের) জায়গায় রেখে বলছি, আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা থাকতো নিজের ক্ষমতা অনুযায়ী সেরাটা দিতে পারছি কিনা, তা নিয়ে। কারণ লোকে আমাকে আমার সেরা ফর্মের জন্য নয়, বরং ক্যারিয়ার শেষ করার সময় কী অবস্থায় ছিলাম, তার জন্যই মনে রাখবে।” “আমি মনে করি শচীনের মতো একজন অসাধারণ ক্রিকেটারকে নিয়ে মানুষ একটু বেশিই আবেগাক্রান্ত। ভারতের মানুষের মনোভাবও আমি বুঝতে পারছি। তারা প্রায় ২৩ বছর ধরে তার ব্যাটিং দেখে যাচ্ছে। শচীনকে ছাড়া তারা বেঁচে থাকার কথা ভাবতেই পারে না। তবে শচীনকেও জানতে হবে তার ক্রিকেটটা আসলে কতটা গর্ব করার মতো বিষয়। কখন বিদায় নিতে হবে সেই সঠিক সময়ের সিদ্ধান্তটা তারই নেয়া উচিৎ,” যোগ করেন পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক। এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন ইমরান। পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটকে বিদায় জানানো প্রসঙ্গে তিনি বলেন, “সে সময় আমার অবসর নেয়ার কারণ, আমি নির্বাচকদের অনুগ্রহে খেলে যেতে চাইনি। আমি মাথা উঁচু করেই বিদায় নিতে চেয়েছি। আমার খেলা চালিয়ে যাওয়ার একমাত্র কারণ ছিল ক্যান্সার হাসপাতাল। তখন (পাকিস্তানের) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আমাকে জানিয়েছিল, ক্রিকেট থেকে সরে দাঁড়ালে আমার অর্থ সংগ্রহে সমস্যা হতে পারে। একমাত্র এই কারণেই আমি খেলা চালিয়ে গিয়েছিলাম।” সম্মানের সঙ্গে ক্রিকেট থেকে বিদায় নেয়ায় সুনীল গাভাস্কারের প্রতি গভীর শ্রদ্ধা ইমরানের। তিনি বলেন, “আমি সুনীল গাভাস্কারকে ভীষণ শ্রদ্ধা করি। অবসর নেয়ার সময় তিনি আরো কিছু দিন খেলা চালিয়ে যেতে পারতেন। আমার দেখা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা রক্ষণাত্মক কৌশলের অধিকারী ছিলেন সুনীল (গাভাস্কার)। ঐ কৌশলের কারণে তিনি খেলে যেতে পারতেন। কিন্তু তিনি মাথা উঁচু করে বিদায় নিয়েছিলেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৫১ঘ.