২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্ডিংকেই দুষলেন ওশাদি

দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে হারের পর ফিল্ডিংকেই দুষলেন বাংলাদেশের কোচ ওশাদি বীরাসিংহে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে হারের পর ফিল্ডিংকেই দুষলেন বাংলাদেশের কোচ ওশাদি বীরাসিংহে। ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, “স্ট্যাম্পিং আর ক্যাচগুলো কাজে লাগাতে পারলে আজকেই (বুধবার) সিরিজ জিতে যেতে পারতাম।” ওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি ঘটছে টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর হার। সিরিজ জয়ের চাপে মেয়েরা ভেঙ্গে পড়ছে কী না জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় না চাপে মেয়েরা ভেঙ্গে পড়েছে। দুয়েকজন ফিল্ডার ক্যাচ ছেড়েছেন অর উইকেটরক্ষক কয়েকটি স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেছেন বলেই আজকের হার।” ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন বলেন, “শেষ ১০ ওভার ব্যাটিং ভালো হয় নি। আমাদের লক্ষ্য ছিল ১২০ রান। শুরুর দিকের ব্যাটিংয়ে তা সম্ভব বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষের দিকে দ্রুত রান তোলা যায়নি, এসময় বেশ কয়েকটি উইকেটও হারিয়েছি আমরা।” “আমি মেয়েদের বলেছি আজকের হারে ভেঙ্গে না পড়তে। সিরিজ জিততে এখনো একটি ম্যাচ রয়েছে। নিজেদের সমর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিরিজ আমরাই জিতবো,” যোগ করেন তিনি। ফিল্ডিং সম্পর্কে বলেন, “মেয়েরা চাপ নিয়েছে বলেই ফিল্ডিং ভালো হয় নি। এমন না তারা খারাপ ফিল্ডার কিন্তু ম্যাচে কোনো কারণে তারা সুযোগগুলো কাজে লাগাতে পারছেন না।” রোমাঞ্চকর ম্যাচে জয়ের পর দারুণ উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিগনন দু প্রিজ। তিনি বলেন, “আমাদের প্রস্তুতিটা খুব ভালো হচ্ছে। বাংলাদেশ প্রতিটি ম্যাচেই লড়াই করছে, এই ম্যাচেও তারা খুব ভালো খেলেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৪২ ঘ.