ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার এক ই মেইল বার্তায় জানায়, সকালে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী ১৮ সেপ্টেম্বর ১২টি দেশের অংশগ্রহণে শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসর।
ত্রিনিদাদও টেবাগোর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়ে ১০ সেপ্টেম্বর পোর্ট অব স্পেন থেকে বিশ্বকাপের আয়োজক দেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় মুশফিকুর রহিমের দল।
ওই টুর্নামেন্টে খেলতে গত ৩১ অগাস্ট ত্রিনিদাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে সাকিব আল হাসান, তামিম ইকবালরা।
আগামী ১৫ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে এবং ১৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মুরস ক্রিকেট গ্রাউন্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
টি- টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড। পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে দ্বিতীয় পর্বে উঠাকেই লক্ষ্য নির্ধারণ করেছে মুশফিকুর রহিমের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএইচ/১৬১৩ ঘ.
bdnews24