২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাফীসকে দলে নিতে বাধা নেই’

ভারত সফরে মাঝপথে ফেরত পাঠানো বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটির কাছে তার আচরণের ব্যাখ্যা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত সফরে মাঝপথে ফেরত পাঠানো বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটির কাছে তার আচরণের ব্যাখ্যা দিয়েছেন। গতমাসে ভারতে শাফি দারাশাহ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ শেষে দেশে ফেরত পাঠানো হয় নাফীসকে। ঐ ম্যাচে আউটের পর ড্রেসিং রুমে ফিরে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নাফীস। পরে ম্যাচ রেফারিও তাকে এ ব্যাপারে সতর্ক করে দেন। এরপরও টিম ম্যানেজমন্টে শেষ ম্যাচের আগেই তাকে দেশে ফেরত পাঠায়। বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটির সভাপতি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, “এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই, নির্বাচকরা তাকে দলে নিতে পারেন।” “আমরা শাহরিয়ার (নাফীস) ও টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে কথা বলেছি। আমাদের সুপারিশগুলো বোর্ড সভাপতির কাছে পাঠানো হবে,” যোগ করেন তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুনানী শেষে নাফীস মেনে নিয়েছেন সে সময়ে অতিপ্রতিক্রিয়া দেখিয়েছিলেন, যা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল। তিনি বলেন, “ডিসিপ্লিন্যারি কমিটিকে আমার কথাগুলো বলেছি। আমি মনে করি সব সংশয় এবার দূর হয়ে গেছে।” “আমি আরো ভালো ব্যবহার করতে পারতাম। সে সময় আমি নিজেকে নিয়ন্ত্রন করতে পারলে বিষয়টি এতো দূর গড়াতো না। ড্রেসিং রুমের দরজা বন্ধ থাকলেও এতো সমস্যা হতো না।” তিনি বলেন, “আমি অধিনায়ক না হলে এটা এতো বাজে দেখাতো না। আমার আচরণ সতীর্থদের ওপর বাজে প্রভাব ফেলেছে, আমার আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। নিজের মেজাজ ধরে রাখলে বিষয়টি এতো দিন চলতো না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৩৬ ঘ.