ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম টি- টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে জয় পাওয়ায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার দেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বুধবার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৫ রান করে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ১৩ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭৩ রান। ১২ ওভার ১ বলে ৩ উইকেটে সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১৪৩৮ ঘ.
bdnews24