ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সালমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার দেশের মাটিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন সালমারা। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বুধবার।
এর আগে আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়েও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সালমা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৫ রান করে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ১৩ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭৩ রান। ১২ ওভার ১ বলে ৩ উইকেটে সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খুলার আগেই লতা মন্ডলের বিদায়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। বাংলাদেশ ইনিংসের ৪ ওভার ৪ বলে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়, সে সময়ে স্বাগতিকদের স্কোর ছিল ১২/১।
বৃষ্টির পর খেলা শুরু হলে ১০ রানের অবিচ্ছিন্ন জুটিকে ৩১ পর্যন্ত টেনে নিয়ে যান রুমানা আহমেদ (১৪) ও ফারজানা হক (১৫)। অষ্টম ওভারে পরপর দুই বলে দুজনই রান আউট হয়ে বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা।
তারপরও চতুর্থ উইকেটে আয়েশা রহমানের অপরাজিত ১৫, সঙ্গে অধিনায়ক সালমা খাতুনের ২৭ রান মিলিয়ে ২৬ বলে ৪২ রানের জুটি দলকে দেশের মাটিতে টি-টোয়েন্টিতে প্রথম জয় এনে দেয়। সালমার ১৪ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা।
ব্যাট করতে নেমে ১৪ রানে ত্রিশা ছেট্টির (১২) বিদায়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে সান্দ্রে ফ্রিতজের (১০) সঙ্গে সুসানা বেনাডির (৩৭) ৪৪ রানের জুটি অতিথি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
দলীয় ৫৮ রানে সুসানাকে ফিরিয়ে দেয়ার পর ১১ রানের মধ্যে সান্দ্রে ও ডেন ভ্যান নিকার্ককে ফিরিয়ে দিয়ে অতিথিদের বড় একটা ধাক্কা দেয় বাংলাদেশ। কিন্তু অধিনায়ক মিগনন দু প্রিজের ১৮ ও মরিজান্নে কাপের ১১ রানের আক্রমণাত্মক দুই ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত একশ পেরুয় অতিথিরা।
২১ রানে ২ উইকেট নিয়ে সালমা বাংলাদেশের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৪১৯ ঘ.
bdnews24