ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। ব্যাটিং-ব্যর্থতায় মাত্র ৬০ রানে অলআউট হয়ে ম্যাচ তো বটেই, সিরিজও হারাতে হয়েছে। সেই হতাশা ভুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লড়াই করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের কোচ ওশাদি বীরাসিংহে। মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল দশটায়। দেশের মাটিতে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম টি-টোয়েন্টি।
সোমবার মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বীরাসিংহে বলেন, “রোববারের তৃতীয় ওয়ানডেটি ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ভুলে যাওয়ার ম্যাচ। ঐ ম্যাচের কথা ভুলে আমরা সামনের দিকে তাকাতে চাই।”
“দক্ষিণ আফ্রিকার শক্তি সম্পর্কে আমাদের ভালো ধারণা হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে আমরা আরো লড়াই করার আশা করছি,” যোগ করেন এই শ্রীলঙ্কান কোচ।
টি-টোয়েন্টি সিরিজের দলে দুটি পরিবর্তনের কথা জানিয়েছেন বীরাসিংহে। ওয়ানডে সিরিজের দলে াকা শায়লা শারমীন ও চম্পা চাকমার জায়গায় সুযোগ পেয়েছেন সানজিদা ইসলামিি ও ত রাণী।
বাংলাদেশ দলের কোচ আরো জানালেন, “উদ্বোধনী জুটিতেও পরিবর্তন আসছে। শারমীন আক্তার ও আয়েশা রহমানের বদলে ইনিংস উদ্বোধন করবেন রুমানা আহমেদ ও লতা মণ্ডল।”
“আমাদের ফিল্ডিং খারাপ নয়। কিন্তু ম্যাচ চলার সময় মেয়েরা ক্যাচ ধরতে ব্যর্থ হচ্ছে। এই ভুলের পুনরাবৃত্তি এড়াতে মেয়েরা কঠোর অনুশীলন করছে,” যোগ করেন তিনি।
প্রথম ম্যাচ হেরে গেলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজে দলের কাছ থেকে আরো ভালো পারফরম্যান্স আশা করছেন অধিনায়ক মিগনন দু প্রিজ।
তিনি বলেন, “জয়ের অভ্যাস তৈরির যে লক্ষ্য নিয়ে আমরা এসেছিলাম তা অনেকখানি পূরণ হয়েছে। শেষ দুই ওয়ানডে জিতে মেয়েদের আত্মবিশ্বাসও বেড়েছে। বিশ্বকাপে এখান থেকে সুখস্মৃতি নিয়ে যেতে চাই।”
“এখানকার কন্ডিশনের সঙ্গে আমরা মানিয়ে নিয়েছি। স্পিনের বিপক্ষেও আমরা ভালো ব্যাটিং করেছি। সামনের ম্যাচগুলোতে এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই,” যোগ করেন দু প্রিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০০ঘ.
bdnews24