২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার ম্যানচেস্টারে দ্বিতীয় ওয়ানডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার ম্যানচেস্টারে দ্বিতীয় ওয়ানডে। চেস্টার-লি-স্ট্রিটে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৮ রান করে ইংল্যান্ড। জবাবে ১৯ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভালো হয় নি। ৪ ওভারে স্কোর বোর্ডে ২৯ রান জমা হলেও ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ দলটি। চতুর্থ উইকেটে জেপি ডুমিনির (৪৭) সঙ্গে অনেকের মতে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের ৮০ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেয়। ম্যাচ শেষে ৪৮ রানে অপরাজিত থাকা ক্যালিসের ৪৪ বলের ইনিংসে ৭টি চার। ৩১ রানে ২ উইকেট নিয়ে জাদে ডের্নবাক ইংল্যান্ডের সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে আলেক্স হালেসের (১১) সঙ্গে ক্রেইগ কিসওয়েটারের ২৭ রানের উদ্বোধনী জুটি বিশ্ব চ্যাম্পিয়নদের ভালো সূচনা এনে দেয়। জ্যাক ক্যালিসের সরাসরি থ্রোয়ে হালেস বিদায় নিলে ভাঙ্গে স্বাগতিকদের আশা জাগানো এ জুটি। জোহান বোথার বলে এলবিডব্লিউর ফাঁদে পরে সর্বোচ্চ ২৫ রান করা কিসওয়েটার সাজঘরে ফেরার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৪০। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড ৪০/১ থেকে পরিণত হয় ৮৫/৭ এ। সেখান থেকে অষ্টম উইকেটে অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ানের ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি চেষ্টা করলেও সংগ্রহ খুব একটা বড় হয়নি স্বাগতিকদের। ব্রড ও সোয়ান দুজনই অপরাজিত থাকেন ১৮ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে বোথা ও রবিন পিটারসন নেন দুটি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৩ ঘ.