ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের কাছাকাছি গিয়েও দ্বিতীয় ম্যাচের সমাপ্তি হারের হতাশায়। তবে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর হতাশায় পুড়তে চান না বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা। তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম ওয়ানডে সিরিজ জিততে তারা মরিয়া।
শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে বাংলাদেশের সহ-অধিনায়ক আয়েশা রহমান শুকতারা বলেন, “জেতার মতো অবস্থায় থেকেও আগের ম্যাচে হেরে যাওয়ায় সবার মধ্যে একটা জেদ কাজ করছে। আগামী ম্যাচে সে সব ভুলের পুনরাবৃত্তি এড়াতে কঠোর পরিশ্রম করছি আমরা।”
“আগের ম্যাচের ভুলগুলো শুধরে রোববার জিততে চাই। ভুলগুলো নিয়ে কোচের সঙ্গে আলোচনা করেছি, নিজেদের মধ্যেও কথা বলেছি,” যোগ করেন তিনি।
শুকতারা আরো বলেন, “দক্ষিণ আফ্রিকা শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরাও ভুল থেকে দ্রুত শিখছি।”
দ্বিতীয় ম্যাচে চারটি সহজ ক্যাচ ছেড়ে অতিথিদের সিরিজে সমতা ফেরানোর সুযোগ করে দেয়া সালমা খাতুনের দল শনিবার ফিল্ডিং অনুশীলনে দীর্ঘ সময় ব্যয় করেছে।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ৭৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১৮০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে তারা।
গত নভেম্বরে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর দেশের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৬ঘ.
bdnews24