ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় অফস্পিনার সাঈদ আজমলের বাদ পড়ার কারণে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন এখন ভীষণ ক্ষুব্ধ। এই বিতর্কের আগুনে সর্বশেষ ঘি ঢাললেন ইমরান খান। পাকিস্তানের ক্রিকেট-কিংবদন্তি জানালেন, আজমলকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে এই তালিকা থেকে।
গত বছরের অগাস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত ১২ টেস্টে ৭২ উইকেট নিয়েছিলেন আজমল। জানুয়ারি-ফেব্র“য়ারিতে র্যাংকিংয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তার ২৪ উইকেট শিকার ৩-০ ব্যবধানে জয় এনে দিয়েছিলো পাকিস্তানকে।
তবু তিনি সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে গড়া ৩২ সদস্যের জুরি বোর্ডের মন গলাতে পারেননি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় তারা রেখেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ভারনন ফিল্যান্ডারকে।
এই নির্বাচন নিয়ে একই সঙ্গে মর্মাহত ও হতাশ ইমরান। পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক ও অলরাউন্ডার বলেন, “সব ধরনের ক্রিকেটের একজন ম্যাচ উইনারের প্রতি এটা রীতিমতো অন্যায়। (তালিকা থেকে) তার বাদ পড়া এক কথায় বিস্ময়কর।”
আগামী ১৫ সেপ্টেম্বর কলম্বোতে হবে আইসিসি বর্ষসেরা অনুষ্ঠান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ এই অনুষ্ঠান বর্জনের ইঙ্গিত দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০২ঘ.
bdnews24