ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুবরাজ সিং ও তার শুভাকাক্সক্ষীদের অপেক্ষার পালা শেষের পথে। শনিবার বিশাখাপত্তনমে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ক্যান্সারকে জয় করা অলরাউন্ডার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
দলে ফেরা তার জীবনে নতুন কিছু নয়। কিন্তু ফুসফুসের ক্যান্সার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছিলো বলেই এবারের প্রত্যাবর্তন ম্যাচটি যুবরাজের জীবনে অন্য রকম।
প্রায় ১০ মাস পর ভারতকে প্রতিনিধিত্ব করতে যাওয়া ‘যুবি’ তাই ভীষণ উত্তেজিত। তিনি বলেন, “আমার ধারণা শনিবারই হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের দ্বিতীয় বৃহত্তম দিন। প্রথমটি অবশ্যই ২ এপ্রিল, ২০১১, যেদিন আমরা বিশ্বকাপ জিতেছিলাম।”
“মুম্বাইয়ে যেমন বলেছিলাম তেমনি এখানে (বিশাখাপত্তনম) এসেও বলছি, আমি এখন অপেক্ষার প্রহর গুনছি,” যোগ করেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক।
মা এবং বেশ কয়েক জন ঘনিষ্ঠ বন্ধু যে মাঠে থাকবে, সে কথা জানাতেও ভুললেন না। যুবরাজ বলেন, “মা আর অন্যদের ম্যাচের দিনই পৌঁছে যাওয়ার কথা। মাঠে তাদের দেখতে পেলে ভীষণ ভালো লাগবে।”
ক্যান্সারের সঙ্গে লড়াই করার সময় একটা তথ্যচিত্র তৈরি করা হয়েছিলো তাকে নিয়ে। ‘জিন্দেগি আভি বাকি হ্যায়’ নামের তথ্যচিত্রটি সম্পর্কে তিনি বলেন, “এটার তিনটি এপিসোড। প্রতিটি এক ঘন্টা দীর্ঘ। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নেয়ার সময় এবং এর পরে এটা ধারণ করা হয়েছিলো। আশা করি তথ্যচিত্রটি ক্যান্সার আক্রান্তদের মনোবল বাড়াতে সাহায্য করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৭ঘ.
bdnews24