ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা থেকে অফস্পিনার সাঈদ আজমলের বাদ পড়া মেনে নিতে পারছেন না পাকিস্তানের কয়েক জন সাবেক ক্রিকেটার। আইসিসির বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়েছেন তারা।
সাবেক ক্রিকেটার, কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে গড়া ৩২ সদস্যের স্বাধীন জুরি বোর্ড আজমলকে উপেক্ষা করার পর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সাবেক ক্রিকেটাররা এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর।
গত বছরের অগাস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত ১২টি টেস্ট খেলে ৭২ উইকেট নিয়েছেন আজমল। টেস্ট র্যাংকিংয়ের সাবেক শীর্ষ দল ইংল্যান্ডের বিপক্ষে তার ২৪ উইকেট পাকিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেছিলো।
অথচ বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য মনোনয়ন পাওয়া চার জনের তালিকায় তার নামই নেই। সেজন্য ভীষণ ক্ষুব্ধ রশিদ লতিফ। তিনি বলেন, “আইসিসি যেভাবে আজমলকে উপেক্ষা করেছে তা একেবারেই অন্যায্য। শ্রীলঙ্কায় আইসিসির বর্ষসেরা অনুষ্ঠান বর্জন করেই পিসিবির প্রতিবাদ জানানো উচিৎ।”
“(টেস্ট ক্রিকেটারের) সংক্ষিপ্ত তালিকায় থাকা আজমলের প্রাপ্য ছিল। তাকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে,” যোগ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক।
রশিদ লতিফের সঙ্গে সম্পূর্ণ একমত তার সাবেক সতীর্থ বাসিত আলী। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বলেন, “আজমলকে বাদ দেয়ার সিদ্ধান্তের কোনো ব্যাখ্যাই হতে পারে না। পাকিস্তানের কারোর বর্ষসেরা অনুষ্ঠানে না থাকাই উচিৎ।”
সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ও গত বছর জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা মহসিন খানও ভীষণ ক্ষুব্ধ। তিনি বলেন, “আইসিসির (বর্ষসেরা ক্রিকেটারদের) সংক্ষিপ্ত তালিকা তৈরির প্রক্রিয়া সম্পূর্ণভাবে ভ্রান্ত। ক্রিকেটে পারফরম্যান্সই সবচেয়ে বড় কথা। এখানে কারো ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গা নেই। পিসিবির পক্ষে ঐ অনুষ্ঠান বর্জন করাই উত্তম।”
“এটা অন্তত আইসিসিকে একটা কঠিন বার্তা পাঠাবে। ২০০৯ সালে বর্ষসেরা পুরস্কারের জন্য তাদের ক্রিকেটারদের উপেক্ষার জবাব এভাবেই দিয়েছিল দক্ষিণ আফ্রিকা,” যোগ করেন তিনি।
পিসিবি অবশ্য এরই মধ্যে অনুষ্ঠানটা বর্জনের ইঙ্গিত দিয়েছে। কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫০ঘ.
bdnews24