ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ৮৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ১৪ ওভার ৫ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মোহাম্মদ হাফিজের (১৭) সঙ্গে ইমরান নাজিরের ৩০ রানের উদ্বোধনী জুটির সৌজন্যে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। দ্বিতীয় উইকেটে অভিষিক্ত নাসির জামশেদের (১০) সঙ্গে ১৪ ও তৃতীয় উইকেটে কামরান আকমলের সঙ্গে ২৪ রানের ছোট্ট দুটি জুটি গড়ে নাজির (২২) সাজঘরে ফেরার সময় জয় পাকিস্তানের হাতের নাগালে।
চতুর্থ উইকেটে শোয়েব মালিকের (৯*) সঙ্গে কামরান আকমলের (৩১*) ২২ রানের জুটি ৩১ বল অব্যবহৃত রেখেই পাকিস্তানকে জয় এনে দেয়।
এর আগে ১৩ রানেই শেন ওয়াটসন (৮) ও মাইক হাসির (১) বিদায়ে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয় নি। তৃতীয় উইকেটে অধিনায়ক জর্জ বেইলির (১৪) সঙ্গে ডেভিড ওয়ার্নারের (২২) ৩৩ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে।
কিন্তু দলীয় ৪৬ রানে হাফিজকে ফিরতী ক্যাচ দিয়ে ওয়ার্নার বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া। এরপর ডেভিড হাসি ও বেইলির বিদায় দলের বিপদ বাড়ায় আরো।
ষষ্ঠ উইকেটে ম্যাথু ওয়েডের (৬) সঙ্গে সাবেক অধিনায়ক ক্যামেরন হোয়াইটের (১৫) ২০ রানের দুটি অস্ট্রেলিয়াকে একশ পেরুনোর স্বপ্ন দেখাচ্ছিল।
কিন্তু আঠারতম ওভারে সাঈদ আজমল গ্লেন ম্যাক্সওয়েল (১) ও হোয়াইটকে এবং বিশতম ওভারে সোহেল তানভীর প্যাট কামিন্স (১) ও বেন হিলফেনহসকে (০) সাজঘরে ফেরত পাঠালে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বনিু রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সর্বনিু রান। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চারটি ‘বাউন্ডারি’ ছিল এতোদিন টেস্ট খেলুড়ে দেশের সর্বনিু। তিন ‘বাউন্ডারি’র সৌজন্যে লজ্জাজনক রেকর্ডটি নিজেদের করে নিল বেইলির দল।
১৩ রানে ৩ উইকেট নিয়ে তানভীর পাকিস্তানের সেরা বোলার। হাফিজ ও আজমলের পাশাপাশি অভিষিক্ত বাঁহাতি স্পিনার রাজা হাসানও নেন দুই উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৫০ ঘ.
bdnews24