ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডান হাতের আঙ্গুল ভাঙ্গায় তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের ব্যাটসম্যান জোনাথন ট্রটকে।
ঘরোয়া ক্রিকেটের শেষটুকুতে দর্শক হয়েই থাকতে হবে ট্রটকে। তবে ভারত সফরের আগেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী ইসিবি।
রোববার চতুর্থ ওয়ানডেতে লর্ডসে ডেল স্টেইনের বলে আঙ্গুলে চোট পান ইংল্যান্ডের এই ব্যাটিং স্তম্ভ। প্রাথমিক এক্সরে রিপোর্টে গুরুতর কিছু পাওয়া না গেলেও পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তার মধ্যমার হাড় স্থানচ্যুত হয়েছে।
ইসিবির বিবৃতিতে বলা হয়, “প্রাথমিক এক্সরেতে কিছু পাওয়া না গেলেও এমআরআই স্ক্যানে দেখা গেছে তার তৃতীয় মেটাক্যাপরালে চিড় ধরা পড়েছে। ৩-৪ সপ্তাহের মধ্যে তিনি ব্যাটিং শুরু করতে পারবেন। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ভারত সফরে তাকে পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১০৫ ঘ.
bdnews24