২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার জন্য প্রস্তুত বাংলাদেশ

বাংলাদেশেই বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। আর ওয়ানডে মর্যাদা পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল স্বাগতিকদের অর্জন। সেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ প্রস্তুতি নিতে এসেছে বাংলাদেশে, বৃহস্পতিবার সকাল নয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সালমাদের বিপক্ষে তাদের প্রথম ওয়ানডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশেই বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। আর ওয়ানডে মর্যাদা পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল স্বাগতিকদের অর্জন। সেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ প্রস্তুতি নিতে এসেছে বাংলাদেশে, বৃহস্পতিবার সকাল নয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সালমাদের বিপক্ষে তাদের প্রথম ওয়ানডে। এদিকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপেক্ষমান তালিকায় রয়েছেন ৫ জন। নিজেদের প্রমাণের জন্য এটাকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন স্বাগতিক দলের অধিনায়ক সালমা খাতুন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকা শক্ত প্রতিপক্ষ, তবে আয়ারল্যান্ডে সর্বশেষ সফরটি ভালো হয় নি বলে দলের সব খেলোয়াড়ই সাফল্যের জন্য ক্ষুধার্ত। নিজেদের প্রমাণ করতে আমরা প্রাণপণে লড়বো।” “ওদের সম্পর্কে আমরা এখনো তেমন কিছুই জানি না। মাঠে ওদের ব্যাটিং দেখে পরিকল্পনা সাজাবো। তবে স্পিন দিয়েই ওদের আটকানোর আত্মবিশ্বাস আমাদের আছে,” যোগ করেন তিনি। মাঠ সংস্কারের পর এই প্রথম খেলা হচ্ছে শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রধান কিউরেটর গামিনি সিলভার সঙ্গে কথা বলে মঙ্গলবারই উইকেট সম্পর্কে জেনে নিয়েছেন সালমা। “গতকাল উইকেট দেখতে গিয়েছিলাম, উইকেট পুরোপুরি ঠিকই আছে। আশা করি গামিনি যে উইকেট তৈরি করেছেন, তা আগের মতোই হবে,” বলেন সালমা। উপমহাদেশে স্পিনই সামলানোই হবে সবচেয়ে বড় পরীক্ষা অজানা নয় দক্ষিণ আফ্রিকার। তাই দেশে গত দুই মাস স্পিন বলে অনুশীলন করেছে দলটি। সেই অনুশীলনে অগ্রগতি কতটুকু হল বাংলাদেশের বিপক্ষে পরখ করে নিতে চায় অতিথিরা। দলের অধিনায়ক মিগনোন দ্যু প্রিজ বলেন, “বিশ্বকাপের আগে এটা আমাদের সর্বশেষ প্রস্তুতি। উপমহাদেশের উইকেটের চরিত্র বুঝতে এই সফর অনেক কাজে দেবে।” “পিচ কেমন আচরণ করে সেটা বোঝাই হবে আমাদের মূল লক্ষ্য। আর এই অভিজ্ঞতা শ্রীলঙ্কায় বিশ্বকাপ ভালো খেলতে সহায়তা করবে,” যোগ করেন তিনি। বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), শুকতারা রহমান, শারমীন আক্তার সুপ্তা, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, লতা মণ্ডল, নুজহাত তাসনিম, খাদিজাতুল কুবরা, রিতু মনি, শায়লা শারমীন, লিলি রানী, তাজিয়া আক্তার ও চম্পা চাকমা। স্ট্যান্ডবাই: আয়েশা আক্তার, পান্না ঘোষ, সুলতানা ইয়াসমিন, তিথি রানী ও সানজিদা ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪০ ঘ.