ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিম সাউদির ৭ উইকেটের জবাবে রবিচন্দ্রন অশ্বিনের ৫ উইকেট। ব্যাঙ্গালোরে দ্বিতীয় ও শেষ টেস্টে বোলারদের দাপটে ব্যাটসম্যানরা রীতিমতো অসহায়! তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৩২ রান করা নিউজিল্যান্ড ভারতের চেয়ে ২৪৪ রানে এগিয়ে আছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল (৭) ও ব্রেন্ডন ম্যাককালামকে (২৩) ফেরান উমেশ যাদব।
এরপর অশ্বিনের বলে স্লিপে বীরেন্দর শেবাগকে ক্যাচ দেন কেন উইলিয়ামসন (১৩)। তার আগেই অবশ্য প্রথম ইনিংসে শতক করা রস টেলরকে (৩৫) ফেরান প্রজ্ঞান ওঝা।
ষষ্ঠ উইকেটে জেমস ফ্র্যাঙ্কলিন (৪১) ও উইকেটরক্ষক ক্রুগার ভ্যান উইক (৩১) মিলে ৫৫ রান যোগ করেন। ভ্যান উইককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙ্গেন অশ্বিন।
ফ্র্যাঙ্কলিনকেও ফিরিয়ে দেয়া অশ্বিন ৬৯ রানে নেন ৫ উইকেট।
এর আগে সাউদির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫৩ রানে ভারতের প্রথম ইনিংস শেষ করে দিয়ে ১২ রানের লিড পায় নিউজিল্যান্ড।
দ্বিতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত বিরাট কোহলি রোববার দ্বিতীয় টেস্ট শতক পূরণ করার পর সাউদির দিনের প্রথম শিকারে পরিণত হন। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২২ রানের জুটি গড়া কোহলি ১৯৩ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১০৩ রান করেন।
ধোনি (৬২) ২৬তম টেস্ট অর্ধশতকের পর সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ভারতের অধিনায়ককে ফিরিয়েই টেস্টে ৫০তম উইকেটের আনন্দে ভেসে যান সাউদি। এরপর জহির খান ও প্রজ্ঞান ওঝাকে একই ওভারে ফিরিয়ে দেন তিনি।
৬৪ রানের বিনিময়ে সাউদির শিকার ৭ উইকেট। টেস্টে ভারতের বিপক্ষে এটাই নিউজিল্যান্ডের সেরা বোলিং।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ৩৬৫ ও ২৩২/৯ (ম্যাককালাম ২৩, গাপটিল ৭, উইলিয়ামসন ১৩, টেলর ৩৫, ফ্লিন ৩১, ফ্র্যাঙ্কলিন ৪১, ভ্যান উইক ৩১, ব্রেসওয়েল ২২, সাউদি ২, প্যাটেল ১০* বোল্ট ০*; অশ্বিন ৫/৬৯, ওঝা ২/৪৮, যাদব ২/৬২)
ভারত : ৩৫৩ (গম্ভীর ২, শেবাগ ৪৩, পূজারা ৯, টেন্ডুলকার ১৭, কোহলি ১০৩, রায়না ৫৫, ধোনি ৬২, অশ্বিন ৩২*, জহির ৭, ওঝা ০, যাদব ৪; সাউদি ৭/৬৪, ব্রেসওয়েল ২/৯১, বোল্ট ১/৯০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৮ঘ.
bdnews24