অনীক মিশকাত
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক প্রতিশ্র“তি, অনেক সম্ভাবনা নিয়ে ৯ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো এনামুল হক জুনিয়রের। কিন্তু ধারাবাহিকতার অভাবে জাতীয় দল থেকে বাদ পড়ে যান তিনি। সা¤প্রতিক সময়ে ‘এ’ দলের হয়ে ঔজ্জ্বল্য ছড়িয়ে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন এই বাঁহাতি স্পিনার।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরুর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এনামুল বলেন, “জাতীয় দলে ফেরার লক্ষ্যে যতটা সম্ভব পরিশ্রম করতে আমি প্রস্তুত। কারো ব্যর্থতায় নয়, নিজের যোগ্যতায় দলে ফিরতে চাই।”
অনেক দিন দলের বাইরে থাকলেও এনামুলই বাংলাদেশের প্রথম টেস্ট ও সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের ঐ সিরিজে ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি।
২০০৩ সালে অভিষিক্ত এনামুল ১৪ টেস্টে ৩৯.২৪ গড়ে ৪১ উইকেট নিয়েছেন। ইনিংস সেরা ৭/৯৫, ম্যাচ সেরা ১২/২০০। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনবার, ম্যাচে ১০ উইকেট একবার। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৮.৯২ গড়ে ৩০৬টি উইকেট তার।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাবেক কোচ রিচার্ড ম্যাকিন্সকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এনামুল। তার অধীনে অ্যাকডেমিতে সময়টা উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, “সাকলায়েন মুশতাকের সঙ্গে এখনো কাজ করার সুযোগ হয়নি। জাতীয় দলের বোলারদের নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। বিশ্বকাপ শেষে দেশে ফিরলে তার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে।”
ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে ‘এ’ দলের হয়ে ৩ ম্যাচে ১৮ উইকেট শিকার আত্মবিশ্বাসী করে তুলেছে এনামুলকে।
তিনি বলেন, “ভারতের ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেলেন। তাদের বিপক্ষে ভালো করলে আত্মবিশ্বাস বাড়বেই। আমার বল এখন আগের চেয়ে বেশি টার্ন করে, আর আগের চেয়ে ভালো জায়গায়ও বল ফেলতে পারি। ক্রিকেটার হিসেবে এখন আমি অনেক পরিণত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫০ঘ.
bdnews24