ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে এক ম্যাচ পরেই আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের পাশাপাশি ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে তারা। লর্ডসে রোববার চতুর্থ ম্যাচ।
কেনিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে অলআউট হওয়ার আগে ২১১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৮ ওভারে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬৪ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডকে পথ দেখান ইয়ন মর্গান ও জোনাথন ট্রট। চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়ে খেলায় চালকের আসনে নিয়ে আসেন স্বাগতিকদের।
রবিন পিটারসনের বলে ফিরতী ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৩ রান করে মর্গান। তার ৬৭ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা।
এরপর ক্রেইগ কিসওয়েটার (১৪) ও ট্রট (৭১) ফিরে গেলেও ১২ বল অব্যবহৃত রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
৩৯ রানে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার পিটারসন।
এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে গ্রায়েম স্মিথের (৪৩) সঙ্গে হাশিম আমলার (১৮) ৫০ ও তৃতীয় উইকেটে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (২৮) সঙ্গে ডীন এলগারের ৪৭ রানের জুটির সুবাদে শুরুটা ভালোই হয় দক্ষিণ আফ্রিকার।
২৫ ওভার শেষে অতিথি দলটির স্কোর ছিল ১১৯/২। অনেক বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত কোনোমতে দুশ পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
২৬ তম ওভারে ডি ভিলিয়ার্সের বিদায়ের মধ্য দিয়ে অতিথিদের বিপদের শুরু। স্কোর বোর্ডে আরো ৩৫ রান যোগ করতে ফাফ দ্যু প্লেসিস (১), এলগার (৪২) ও ওয়েইন পার্নেলের (১৩) বিদায় অতিথিদের বিপদ বাড়ায় আরো।
সপ্তম উইকেটে জেপি ডুমিনির (৩৩) সঙ্গে পিটারসনের ৪০ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু দলীয় ১৯৫ রানে ডুমিনির বিদায়ের পর জেমস অ্যান্ডারসনের তোপের মুখে আর বেশি দূর এগোয়নি অতিথিদের ইনিংস। শেষ পর্যন্ত ২৩ রানে অপরাজিত থাকেন পিটারসন।
৪৪ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন। সমান রান দিয়ে ৩ উইকেট নেন জাদে ডের্নবাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১৪৫ ঘ.
bdnews24