ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে (এসএলপিএল) নাগেনাহিরা নাগাসকে ১৯ রানে হারিয়েছে উভা নেক্সট। এসএলপিএলের প্রথম আসরের শিরোপা জেতার পাশাপাশি সর্বশেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান করে নাগেনাহিরা।
নাগেনাহিরা ইনিংসের ৯ ওভার ১ বল পর বৃষ্টি শুরু হলে খেলার দৈর্ঘ্য নেমে আসে ১৫ ওভারে। শিরোপা জিততে উভার লক্ষ্য দাঁড়ায় ১৩৭। কিন্তু উভার ইনিংসের ৫ ওভার ১ বল পর দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে আর খেলা সম্ভব হয় নি।
ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে সে সময় জয়ের জন্য উভার প্রয়োজন ছিল ৪৫ রান। ১ উইকেটে ৬৩ রান করায় শেষ পর্যন্ত উদ্বোধনী আসরের শিরোপা ঘরে তুলে উভা।
ব্যাট করতে নেমে নাগেনাহিরার শুরুটা মোটেও ভালো হয় নি। ১১ ওভার শেষে দলটির স্কোর ছিল ৬৫/৪। সেখার থেকে শেষ চার ওভারে ৬৯ রান সংগ্রহ করে লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েছিল দলটি। ম্যাথিউস ২৭ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত থাকেন ৭৩ রানে।
২৪ রানে ২ উইকেট নিয়ে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড উভার সেরা বোলার।
ম্যাথিউসের বীরত্ব অকার্যকর হয়ে গেছে ২৩ বলে ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৪ রানে অপরাজিত থাকা উভার উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান মুনাবীরার কাছে। সিক্কুগে প্রসন্ন অপরাজিত থাকেন ১৫ রানে। ৫ বলে দুটি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১০০ ঘ.
bdnews24