ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে সহজেই ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। সোমবার তৃতীয় ওয়ানডে।
আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৩ ওভার ৪ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ হাফিজের (২৩) সঙ্গে নাসির জামশেদের ৬৬ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে ভালো সূচনা এনে দেয়। ড্যান ক্রিশ্চিয়ানের বলে মাইক হাসির হাতে ক্যাচ দিয়ে হাফিজের বিদায়ে প্রথম সাফল্য পায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় উইকেটে আজহার আলীর সঙ্গে নাসিরের ১০১ রানের জুটিই পাকিস্তানকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। ১৮ ওয়ানডের ছোট ক্যারিয়ারে দ্বিতীয় শতকের সুযোগ হারানো নাসির সাজঘরে ফিরেছেন ৯৭ রানে। তার ৯৮ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা।
আগের ম্যাচে অর্ধশতক পাওয়া আসাদ শফিক দুই অঙ্কের কোঠায়ই পৌঁছুতে পারেন নি। ৯ রান করে জেমস প্যাটিনসনের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। দলীয় ১৯০ রানে শফিকের বিদায়ের পরও ৬ ওভার ২ বল হাতে রেখে জয় পেয়েছে পাকিস্তান।
চতুর্থ উইকেটে আজহারের (৫৯*) সঙ্গে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে এই জয় এনে দেয়ার কৃতিত্ব অধিনায়ক মিসবাহ-উল-হকের। চাপে থাকা অধিনায়ক ৩৪ বলে ৫টি চারের সাহায্যে ৩৫ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে প্যাটিনসন, ক্রিশ্চিয়ান ও মিচেল জনসন একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করেতে নেমে দ্বিতীয় ওভারেই জুনায়েদ খানের বলে ম্যাথু ওয়েড (৭) বোল্ড হয়ে গেলে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয় নি। উনিশ বলে প্রথম রানের দেখা পাওয়া ডেভিড ওয়ার্নারের (২৪) সঙ্গে অধিনায়ক মাইকেল ক্লার্কের ৬৬ রানের জুটির সৌজন্যে শুরুর ধাক্কা সামাল দেয় দলটি।
অফস্পিনার সাঈদ আজমলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ওয়ার্নারের বিদায়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ছোট্ট ধসের সূচনা। শুরু থেকেই ভীষণ আত্মবিশ্বাসী ক্লার্ককে (৩৭) এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের একমাত্র উইকেটটি নেন টানা ৯২তম ওয়ানডে খেলতে নামা মোহাম্মদ হাফিজ।
প্রথম ওয়ানডের মতো এবারও আজমলের শিকার ডেভিড হাসি। রানের খাতা খুলার আগেই বোল্ড হয়ে তার বিদায়ে বেশ অস্বস্তি¡তে অস্ট্রেলিয়া।
পঞ্চম উইকেটে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলির (৩৯) সঙ্গে ৬৬ ও ষষ্ঠ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলের (২৮) সঙ্গে ৫৮ রানের দুটি কার্যকর জুটি গড়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি ফেরান মাইক হাসি (৬১)।
৪৬ তম ওভারের প্রথম বলে মাইক হাসি ও পঞ্চম বলে ম্যাক্সওয়েলকে বিদায় করে অস্ট্রেলিয়াকে বড় একটা ধাক্কা দেন আজমল। প্রথম ওয়ানডেতেও মাইক হাসিকে ফেরান এই অফস্পিনার। এরপরও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান (১৮) ও মিচেল স্টার্কে (১১*) ছোট দুই ইনিংসের সুবাদে আড়াইশর কাছাকাছি স্কোর গড়ে অস্ট্রেলিয়া।
৩২ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আজমল। আইজাজ চিমার বদলে খেলতে নেমে ৫২ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার জুনায়েদ খান।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৭২৮
bdnews24