২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের দলে ফেরার ‘মিশন’

জাতীয় দলে ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলে ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করেছে ১৮ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না দলের কোচ স্টুয়ার্ট বার্নস। জিমে অনুশীলন করেই প্রথম দিনটা কেটেছে বলে জানিয়েছেন ইমরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জাতীয় দলে থাকলে খুব ভালো হতো। জাতীয় দল বিশেষ একটি জায়গা।” “জাতীয় দলে ফেরাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ভালো খেলেই জাতীয় দলে ফিরতে চাই,” যোগ করেন নববিবাহিত ইমরুল। সম্প্রতি ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে ‘এ’ দল তেমন ভালো খেলতে না পারলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট ইমরুল। তিনি বলেন, “শাফি দারাশাহ টুর্নামেন্টে বড় ইনিংস খেলতে না পারলেও নিজের ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট।” “সেখানে কন্ডিশন খুব কঠিন ছিল। ভারতের ক্রিকেটাররা ঐ কন্ডিশনে খেলে অভ্যস্ত। তবু তাদের অনেকেই বড় ইনিংস খেলতে পারেননি,” যোগ করেন গত ডিসেম্বর থেকে জাতীয় দলের বাইরে থাকা ইমরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৪২২ঘ.