ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সবে মাত্র টি-টোয়েন্টি ক্রিকেট বুঝে উঠতে শুরু করা বাংলাদেশকে নিয়ে আশাবাদী দলের কোচ রিচার্ড পাইবাস। ইউরোপ সফরে স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের সঙ্গে হারলেও দলের প্রস্তুতিতে সন্তুষ্ট তিনি।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি ও সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “অনেক বেশি ওয়ানডে খেললেও আমরা সবে মাত্র টি-টোয়েন্টিতে নিয়মিত হয়েছি। এশিয়া কাপ থেকে অর্জিত আত্মবিশ্বাস আরো বেড়েছে। দলের প্রায় সব ব্যাটসম্যানই খেলার মধ্যে রয়েছে।”
“আমরা গুরুত্ব দিয়েছি বেশি ম্যাচ খেলার ওপর। কারণ, এতে দক্ষতা বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাসও অর্জিত হয়। আমরা হয়তো স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের কাছে হেরেছি কিন্তু আয়ারল্যান্ডকে সব ম্যাচেই হারাতে পেরেছি। এছাড়া এর আগে জিম্বাবুয়ে সফরে আমরা স্বাগতিক ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “তিন মাস আগে থেকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছি। সেকারণে আমরা অনেক ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আগে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটটা বুঝে উঠতে পারিনি।”
“সবচেয়ে বড় কথা আমরা র্যাঙ্কিংয়ে ছিলাম না। এজন্য যাতে নির্দিষ্ট সময়ের ভেতর আট ম্যাচ খেলতে পারি সেদিকে দৃষ্টি ছিল। ওই উদ্দেশ্য সফল হয়েছে। আমরা এখন র্যাঙ্কিং নিয়েই খেলতে পারছি,” বলেন পাইবাস।
ইউরোপ সফরে অপ্রত্যাশিত দুই হারের ব্যাখ্যায় বলেন, “আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে অপরিচিত পরিবেশে আমরা মাত্র নয় দিনে ছয়টি ম্যাচ খেলেছি। এটা একটা চাপ ছিল। এছাড়া নেদারল্যান্ডস সফরে উইকেটের আচরণ বিপরীত হয়ে যাওয়ায় ক্রিকেটাররা সেটা বুঝেই উঠতে পারেনি।”
“ঐ পারফরমেন্স নিয়ে আর আলোচনা করতে চাই না। আমরা সেখান থেকে উত্তরণ ঘটাতে চাই। আমাদের লক্ষ্য থাকবে ঘাটতি কাটিয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হওয়া,” যোগ করেন তিনি।
বিশ্বকাপে ডি গ্র“পে বাংলাদেশের দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, “আমাদের তুলনায় ওরা অনেক বেশি ক্রিকেট খেলে। তবে এবার ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেশ ভাল। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের ভাল খেলাটা উপহার দিতে পারলে যেকোন দলকেই হারানো সম্ভব।”
“নির্দিষ্ট কোন দলকে লক্ষ্য করে খেলবে না বাংলাদেশ। প্রতিপক্ষ যেই হোক লক্ষ্য থাকবে তাকে হারানো। আমরা সেই পরিকল্পনা নিয়েই নামব,” যোগ করেন জাতীয় দলের কোচ।
তিনি বলেন, “স্পিনই হলো আমাদের মূল শক্তি। আর শ্রীলঙ্কায় স্পিনারাই বেশি সুবিধা পাবে। এরপরও যেসব দুর্বলতার জায়গা চিহ্নিত করেছি তার উপর আমাদের বিশেষ কাজ করতে হবে। এজন্য সামনের কয়েক সপ্তাহ সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ত্রিনিদাদে গিয়ে ওই বিষয়গুলোর যাতে উন্নতি ঘটে সেদিকে মনোযোগ দেয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৩৩ ঘ.
bdnews24