ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) রোববার উথুরা রুদ্রসের কাছে ১৫ রানে হেরেও শেষ চারে পৌঁছেছে নাগেনাহিরা নাগাস।
এর আগে ওয়াইম্বা ইউনাইটেড, কান্দুরাতা ওয়ারিয়র্স ও উভা নেক্সট সেমিফাইনাল নিশ্চিত করে। রোববার রুহুনা রয়্যালসকে রানে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শেষ চারে পা রেখেছে ওয়াইম্বা। ৭ পয়েন্ট নিয়ে দুই ও তিনে রয়েছে কান্দুরাতা ও উভা। ৬ পয়েন্ট নিয়ে চারে নাগেনাহিরা।
সোমবার গ্র“প পর্বের শেষ ম্যাচে খেলবে উভা ও নাগেনাহিরা। সেই খেলার পরই চূড়ান্ত হবে মঙ্গল ও বুধবারের দুই সেমিফাইনালে কে কার বিপক্ষে খেলবে। জয়ী দুই দল খেলবে শুক্রবারের ফাইনালে।
ওয়াইম্বা-রুহুনা
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬২ রান করে ওয়াইম্বা। জবাবে ৯ উইকেটে ১৪৮ রানেই থেমে যায় রুহুনার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভারে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে রুহুনা। এসএলপিএল অভিষেকটা খুব একটা ভালো হয় নি মোহাম্মদ আশরাফুলের। আব্দুল রাজ্জাকের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৩ রান করেন তিনি।
সেখান েেক লাহিরু থিরিমান্নে (৪০*) ও লাসি মালিঙ্গার (২২*) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দেড়শর কাছাকাছি পৌঁছায় রুহুনা।
ওয়াইম্বার পক্ষে চতুরঙ্গ কুমারা ও রাজ্জাক দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ৭ ওভার ৩ বলে তামিম ইকবালের সঙ্গে দীনেশ চান্দিমালের ৬৬ রানের উদ্বোধনী জুটি ওয়াইম্বাকে উড়ন্ত সূচনা এনে দেয়। ড্যানিয়েল হ্যারিসের বলে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার ৩৬ রান করে তামিম। তার ২৪ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (৫) সঙ্গে ২৫ ও চতুর্থ উইকেটে রাজ্জাকের সঙ্গে ৩৯ রানের ছোট কিন্তু কার্যকর দুটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান চান্দিমাল। দলীয় ১৩২ রানে চান্দিমাল (৭৫) সাজঘরের পথ ধরলেও রাজ্জাক (১৫) ও মিলিন্দা সিরিবর্ধনে (১১) ছোট ইনিংসের সুবাদে দেড়শ পেরোয় ওয়াইম্বা।
৩২ রানে ২ উইকেট নিয়ে দিলরুয়ান পেরেরা রুহুনার সেরা বোলার।
উথুরা-নাগেনাহিরা নাগাস
এর আগে একই স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান করে উথুরা। জবাবে ৯ উইকেটে ১৩৪ রানেই থেমে যায় নাগেনাহিরার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় নাগেনাহিরা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (১০), মুশফিকুর রহিম (২) ও অ্যাঞ্জেলো পেরেরা (০) রান আউট হয়ে বিদায় নেন।
এসএলপিএল অভিষেকে ২৮ বলে ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেন কলিন ডি গ্রান্ডহোম। তবে এর পরও ৯৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে নাগেনাহিরা। দশম উইকেটে সুরাজ রনদিভ (২৮*) ও অজন্তা মেন্ডিস (১৪*) ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দারুণ একটা চেষ্টা করলেও শেষ রক্ষা হয় নি।
২১ রানে ৩ উইকেট নিয়ে রানা নাভেদ উল হাসান উথুরার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে রব কুইনি (২৪) ও মাহেলা উদয়াত্তের (১৩) ৩৪ রানের উদ্বোধনী জুটির সুবাদে শুরুটা ভালোই হয় উথুরার। চতুর্থ উইকেটে অধিনায়ক জিহান মুবারকের (১৭) সঙ্গে ২৪ ও পঞ্চম উইকেটে ফারভিজ মাহরুফের (১২) ৪৫ রানের দুটি কার্যকর জুটি গড়ে দলকে দেড়শ পর্যন্ত নিয়ে যান চামারা কাপুগেদারা (৪৩)।
৩২ রানে ২ উইকেট নিয়ে সামিন্দা এরাঙ্গা নাগেনাহিরার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১০ ঘ.
bdnews24