২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্বিনের ঘূর্ণিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড

যুব দলের বিশ্বকাপ জয়ের সুসংবাদ উপভোগ করতে-করতেই আরেকটি জয়ের আনন্দ ভারতীয় ক্রিকেটে। রোববার অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ক্যারিয়ার সেরা বোলিং প্রথম টেস্টের চতুর্থ দিনেই ইনিংস ও ১১৫ রানের সহজ জয় এনে দিয়েছে ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুব দলের বিশ্বকাপ জয়ের সুসংবাদ উপভোগ করতে-করতেই আরেকটি জয়ের আনন্দ ভারতীয় ক্রিকেটে। রোববার অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ক্যারিয়ার সেরা বোলিং প্রথম টেস্টের চতুর্থ দিনেই ইনিংস ও ১১৫ রানের সহজ জয় এনে দিয়েছে ভারতকে। ৩১ অগাস্ট থেকে ব্যাঙ্গালোরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আগের দুদিনের মতো রোববারও হায়দরাবাদে হানা দিয়েছিলো বৃষ্টি। কিন্তু অশ্বিন ও বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝার কৃতিত্বে জয় পেতে সমস্যা হয়নি ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের। অশ্বিন ৫৪ রানে ৬ এবং ওঝা ৪৮ রানে ৩ উইকেট নিয়ে মাত্র ১৬৪ রানে গুঁড়িয়ে দেন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসেও মাত্র ৩১ রানে ৬ উইকেট নেয়া অশ্বিনের হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার। ৮৫ রানে ১২ উইকেট অশ্বিনের ৭ টেস্টের ক্যারিয়ারে তো বটেই, নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো ভারতীয়রই টেস্ট সেরা বোলিং। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রায় দুই ঘন্টা পর খেলা শুরু হওয়ার সময় ১ উইকেটে ৪১ রান নিয়ে বেশ অস্বস্তিতেই ছিলো নিউজিল্যান্ড। তবে আগের দিন শেষে অপরাজিত থাকা ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনের দৃঢ়তা একটু-একটু করে স্বস্তি ফিরিয়ে আনছিলো অতিথিদের মনে। ম্যাককালামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৭২ রানের জুটিটা ভাঙ্গেন পেসার উমেশ যাদব। ৪২ রান করা ম্যাককালাম অবশ্য আউটটা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। প্যাডে লাগার আগে বল ব্যাট স্পর্শ করেছে এই বিশ্বাস নিয়ে মাথা নাড়তে-নাড়তে মাঠ ছাড়েন তিনি। তিন ওভার পরই নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলরকে বোল্ড করেন অশ্বিন। তবে উইলিয়ামসন ভালো ভাবেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অবশ্য টেস্ট-জীবনের পঞ্চম অর্ধশতক পাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। উইলিয়ামসন ৫২ রান করে ওঝার বলে বীরেন্দর শেবাগকে ক্যাচ দেয়ার পর অতিথিরা আর দাঁড়াতেই পারেনি। অশ্বিন-ওঝার ঘূর্ণিতে কুপোকাত নিউজিল্যান্ড মাত্র ২৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে চা-বিরতির কিছুক্ষণ পরই আত্মসমর্পণ করে। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৪৩৮ (পূজারা ১৫৯, ধোনি ৭৩; প্যাটেল ৪/১০০) নিউজিল্যান্ড: ১৫৯ ও ১৬৪ (গাপটিল ১৬, ম্যাককালাম ৪২, উইলিয়ামসন ৫২, টেলর ৭, ফ্লিন ১১, ফ্র্যাঙ্কলিন ৫, ভ্যান উইক ১৩, ব্রেসওয়েল ১, প্যাটেল ৬*, বোল্ট ০, মার্টিন ০; অশ্বিন ৬/৫৪, ওঝা ৩/৪৮, যাদব ১/৩২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৬ঘ.