২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে ভালো সূচনা চান জুনায়েদ

উদ্বোধনী জুটি ভালো একটি সূচনা এনে দিলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সাফল্য পেতে পারে বলে মনে করেন জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী জুটি ভালো একটি সূচনা এনে দিলে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করেন জুনায়েদ সিদ্দিক। তবে জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ বাংলাদেশের সাফল্য কামনা করছেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সংক্ষিপ্ত ফরম্যাটেই। রোববার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে জুনায়েদ বলেন, “ছোট ফরম্যাটের ক্রিকেটে ভালো শুরুটা খুব জরুরি। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার খুব গুরুত্বপূর্ণ।” “তামিম একদিকে নিয়মিত ভালো করলেও তার উদ্বোধনী জুটিতে তার কোনো সঙ্গীই নিয়মিত হতে পারছেন না। কিন্তু ভালো করতে হলে উদ্বোধনী জুটির ভালো সূচনা এনে দিতেই হবে,” যোগ করেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। শ্রীলংকায় আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে জাতীয় দলের ক্রিকেটাররা। তামিম ইকবাল ধারাবাহিকভাবে ভালো করলেও উদ্বোধনী জুটিতে তার সঙ্গীরা কেউ ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, নাজিম উদ্দিন ও জুনায়েদ বিভিন্ন সময়ে তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামলেও তাদের কেউই উদ্বোধনী জুটিতে নিয়মিত হতে পারেন নি। সা¤প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামছেন মোহাম্মদ আশরাফুল। দুয়েকবার সাফল্য পেলেও এই জুটিও এখনো পর্যন্ত খুব একটা আশা জাগাতে পারেনি। শুরুতে নিয়মিত বল করলেও মাঝখানে অনেক দিন বল হাতে নেন নি জুনায়েদ। ফিটনেস ধরে রাখতে এবার বোলিংয়ের দিকে বাড়তি সময় দিচ্ছেন তিনি। “আগে তো নিয়মিতই বল করতাম, মাঝখানে অনেক দিন সেভাবে বল করা হয় নি। এবার ফিটনেসের কথা চিন্তা করেই বল করছি।” ম্যাচের যে কোনো পর্যায়ে প্রয়োজন হলে বল হাতেও অধিনায়ককে সহয়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। পালে¬কেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে মুশফিকুর রহিমের দল। এর আগে ১৫ সেপ্টেম্বর জিম্বাবুয়ে ও ১৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের ঠিক আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগোয় জ্যামাইকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে মুশফিক বাহিনী। বিশ্বকাপের আগে ভিন্ন কন্ডিশনে খেলতে হলেও ত্রিনিদাদ ও টোবাগো সফরকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জুনায়েদ। “আমাদের প্রস্তুতি বেশ ভালো হচ্ছে। বিশ্বকাপের আগে এই ট্যুরের খুব প্রয়োজন ছিল। আশা করি শ্রীলঙ্কায় আমরা এই সুফল পাবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৪৩৬ ঘ.