২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলোঅনের শঙ্কায় নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভীষণ বিপদে নিউজিল্যান্ড। ভারতের ৪৩৮ রানের জবাব দিতে নেমে ১০৬ রানেই দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে অতিথিরা। ফলোঅন এড়াতে এখনো ১৩৩ রান প্রয়োজন দলটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভীষণ বিপদে নিউজিল্যান্ড। ভারতের ৪৩৮ রানের জবাব দিতে নেমে ১০৬ রানেই দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে অতিথিরা। ফলোঅন এড়াতে এখনো ১৩৩ রান প্রয়োজন দলটির। স্পিনেই সর্বনাশ হয়েছে অতিথিদের। পেসারদের করা প্রথম সাত ওভার ঠিকঠাক সামাল দিলেও স্পিনাররা আসার পর নিয়মিত উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। অষ্টম ওভারে প্রথম বদলি বোলার হিসেবে এসে ব্রেন্ডন ম্যাককালামকে বিরাট কোহলির ক্যাচ বানিয়ে ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন প্রজ্ঞান ওঝা। প্রান্ত বদল করে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে কোহলির ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলকেও। এরপর অধিনায়ক রস টেলর (২) ও ড্যানিয়েল ফ্লিনকে (১৬) দ্রুত সাজঘরে ফেরত পাঠিয়ে অতিথিদের বিপদ আরো বাড়ান রবীচন্দ্রন অশ্বিন। পঞ্চম উইকেটে কেন উইলিয়ামসনের (৩২) সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন জেমস ফ্রাঙ্কলিন। কিন্তু উইলিয়ামসনকে স্লিপে বীরেন্দর শেবাগের ক্যাচে পরিণত করে খেলা শেষ হওয়ার পনের বল আগে অতিথিদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন অশ্বিন। ফ্রাঙ্কলিন ৩১ ও ক্রুগার ভ্যান উইক ০ রানে অপরাজিত। ৩০ রানে ৩ উইকেট নিয়ে অশ্বিন ভারতের সেরা বোলার। এর আগে ৫ উইকেটে ৩০৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় দিন শেষ ৫ উইকেটে ১৩১ রান যোগ করে সাড়ে চারশর কাছাকাছি স্কোর গড়ে স্বাগতিকরা। আগের দিনের ৪৭ রানের জুটিকে এ দিন ১২৭ পর্যন্ত নিয়ে যান চেতেশ্বর পুজারা ও মহেন্দ্র সিং ধোনি। ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়া জুটি ভাঙ্গে পুজারার (১৫৯) বিদায়ে। জীতেন প্যাটেলের বল এগিয়ে এসে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে মিড অনে ফ্র্যাঙ্কলিনকে সহজ ক্যাচ দেন তিনি। তার ৩০৬ বলের ইনিংসে ১৯টি চার ও ১টি ছক্কা। এরপর বেশিক্ষণ টেকেন নি ধোনিও। দলীয় ৪১১ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৭৩ রান করেন ভারত দলনায়ক। সেখান থেকে ভারতকে ৪৩৮ পর্যন্ত নিয়ে যান অশ্বিন (৩৭)। ১০০ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যেোন্ডর সেরা বোলার জীতেন প্যাটেল। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৪৩৮ (গম্ভীর ২২, শেবাগ ৪৭, পুজারা ১৫৯, টেন্ডুলকার ১৯, কোহলি ৫৮, রায়না ৩, ধোনি ৭৩, অশ্বিন ৩৭, জহির ০, ওঝা ৪*, যাদব ৪; প্যাটেল ৪/১০০, বোল্ট ৩/৯৩, মার্টিন ১/৭৬, ব্রেসওয়েল ১/৮৮) নিউজিল্যান্ড: ১০৬/৫ (ম্যাককালাম ২২, গাপটিল ২, উইলিয়ামসন ৩২, টেলর ২, ফ্লিন ১৬, ফ্রাঙ্কলিন ৩১*, ক্রুগার ০*; অশ্বিন ৩/৩০, ওঝা ২/৩৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮২৮ ঘ.