ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্লেট চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। কাপে পঞ্চম স্থান নির্ধারণী খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
শ্রীলঙ্কা-আফগানিস্তান
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৪ রান করে আফগানিস্তান। জবাবে ৩৯ ওভারে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ সেরা নিরোশান ডিকওয়লার অপরাজিত ৭৬ রানের সুবাদে ১১ ওভার অব্যবহৃত রেখেই জয় পায় শ্রীলঙ্কা। ডিকওয়ালার ৮৭ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান উদ্বোধনী ব্যাটসম্যান পাবাসারা ওয়াদুগের। এছাড়া ২৩ রানে অপরাজিত থাকেন সান্দুন বীরাকোডি।
এর আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের দৃঢ়তায় আফগানিস্তানের শুরুটা বেশ ভালোই ছিল। এক পর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৯২/২। কিন্তু এরপর ১০২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে দুশ রানও করতে পারে নি দলটি।
সর্বোচ্চ ৪৪ রান করেন মুহীবুল্লাহ পাক। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান অধিনায়ক জাভেদ আহমেদির।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার লাহিরু মধুশঙ্কা।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
টাউন্সভিলের এন্ডেভার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে স্যাম উডের শতকের সুবাদে ৯ উইকেটে ২৪১ রান করে ইংল্যান্ড। জবাবে জন ক্যাম্পবেলের শতকের পরও ৪৮ ওভার ৩ বলে ২২৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খুলার আগেই সুনীল আমব্রিসের বিদায়ে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েইটের (৩০) সঙ্গে ৭২, পঞ্চম উইকেটে কাইল মেয়ার্সের (২২) সঙ্গে ৫১ ও ষষ্ঠ উইকেটে স্টেফান কাতওয়ারোর (২৫) সঙ্গে ৫০ রানের তিনটি কার্যকর জুটি গড়ে দলকে পথেই রাখেন ক্যাম্পবেল।
এক পর্যায়ে তাদের স্কোর ছিল ২০২/৪। সেখান থেকে ৩০ বলে ২৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় দলটি। দলীয় ২০৬ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১০৫ রান করেন ক্যাম্পবেল। তার ১৩৩ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা।
৩৯ রানে ৩ উইকেট নিয়ে রীস টোপলে ইংল্যান্ডের সেরা বোলার।
এর আগে উডের শতকের পরও ১৯২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। দশম উইকেটে ৬৯ বলে টম নাইট (১৮*) ও টোপলের (২৬*) ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটির সৌজন্যে লড়াইয়ের পুঁজি গড়ে ইংল্যান্ড।
দলীয় ১৭৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১০৪ রান করে উড। তার ১১১ বলের ইনিংসে ৪টি চার ও ৭টি ছক্কা।
৩৮ রানে ৩ উইকেট নিয়ে জাস্টিন গ্রেভার্স ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
এছাড়া একাদশ স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪২৬ ঘ.
bdnews24