ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়েছে ভারত। ফাইনালে সাবেক চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৯ রান করে ভারত। জবাবে ৯ উইকেটে ২০০ রানেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান জো কার্টারের ৩০ রানের পরও ৬৩ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারায় নিউজিল্যান্ড।
পঞ্চম উইকেটে রবার্ট ও’ডনেলের (২৯) সঙ্গে ৫৬ ও ষষ্ঠ উইকেটে কনর নেনেন্সের (১৪) সঙ্গে ৩৬ রানের দুটি কার্যকর জুটি গড়ে ধাক্কা সামলে নিউজিল্যান্ডকে ভালো অবস্থানে নিয়ে আসেন ক্যাম ফ্লেচার (৫৩)।
দলীয় ১৫৫ রানে নেনেন্সের বিদায়ের পর ঘুড়ে দাঁড়ায় ভারত। এরপর ১৭৩ রানে ফ্লেচারও সাজঘরের পথ ধরলে ভীষণ বিপদে পড়ে নিউজিল্যান্ড। তার বিদায়ের পর জ্যাকব ডাফি (২১*) চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
ভারতের পক্ষে হারমিত সিং, সন্দীপ শর্মা ও রবিকান্ত সিং দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে অধিনায়ক উন্মুক্ত চাঁদের (৩১) সঙ্গে ৫১ ও দ্বিতীয় উইকেটে ম্যাচ সেরা বাবা অপরাজিতের (৪৪) সঙ্গে ৮১ রানের দুটি কার্যকর জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন প্রশান্ত চোপড়া (৫৪)।
দলীয় ১৩২ রানে চোপড়ার বিদায়ের পর অপরাজিত ও বিজয় জুলের (০) দ্রুত বিদায়ে বড় একটা ধাক্কা খায় ভারত। ১৩২/১ থেকে দলটির স্কোর পরিণত হয় ১৩৯/৪ এ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারালেও হনুমা বিহারির ২২ ও স্মিত প্যাটেলের অপরাজিত ১৫ রানের সুবাদে লড়াইয়ের পুজি গড়ে দলটি।
২৮ রানে ৩ উইকেট নিয়ে বেন হর্ন নিউজিল্যান্ডের সেরা বোলার।
bdnews24