২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার জয়

নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের পঞ্চম স্থান নির্ধারনী প্লে-অফ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে গত আসরের রানার্সআপ পাকিস্তান। শুক্রবার তাদের বিপক্ষে সপ্তম স্থান নির্ধারনী ম্যাচে খেলবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের পঞ্চম স্থান নির্ধারনী প্লে-অফ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে গত আসরের রানার্সআপ পাকিস্তান। শুক্রবার তাদের বিপক্ষে সপ্তম স্থান নির্ধারনী ম্যাচে খেলবে বাংলাদেশ। অন্যদিকে নবম স্থান নির্ধারণী প্লে-অফ সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ১০৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টাউন্সভিলের এন্ডেভার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েইটের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান স্টেফান কাটওয়ারোর। ৪৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মীর হামজা। লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজমের ৩৮ রানের পরও একশর আগেই দলের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে ফিরে আসেন। এরপর মোহাম্মদ নওয়াজ (২৮) চেষ্টা করলেও তার সৌজন্যে কোনো মতে দেড়শ পেরিয়েছে পাকিস্তান। ২০ রানে ৩ উইকেট নিয়ে ডেরন ডেভিস ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাট করতে নেমে সান্দুন বীরাকোডির অপরাজিত শতকের সুবাদে ৪৯ ওভার ৩ বলে অলআউট হওয়ার আগে ২৫৮ রান করে শ্রীলঙ্কা। ১২১ বলে করা বীরাকোডির ১১২ রানের ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান অ্যাঞ্জেলো জয়াসিংহের। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক জর্জ ডকরেল আয়ারল্যান্ডের সেরা বোলার। লক্ষ্য তাড়া করতে নেমে লাহিরু মধুশঙ্কার মারাত্মক বোলিংয়ে ৩৭ ওভার ৫ বলে ১৪৯ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। মধুশঙ্কা ২৪ রানে নেন ৬ উইকেট। সর্বোচ্চ ৪৬ রান আসে শেন গেটকাটের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান জেমস ভ্যান ডার মারউইর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬০০ ঘ.