ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৬১ রানে হেরে গেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।
ডাবলিনের ফিনিক্স পার্কের ফিনিক্স ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে আয়ারল্যান্ড। আইরিশদের ইনিংসের ৪৪ ওভার ৪ বলের সময় বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য ৫ ওভার কমে নেমে আসে ৪৫ ওভারে।
ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৫৬ রান। কিন্তু ৩৫ ওভার ৪ বলে ৯৪ রানেই অলআউট হয়ে যায় সালমা খাতুনের দল।
১৪ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। লতা মন্ডল ২৫ রান করলেও তিন অংকের ঘরে যেতে পারেনি দলীয় সংগ্রহ। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে অতিরিক্ত থেকে।
১৮ রানে ৪ উইকেট নিয়ে লুইস ম্যাকার্থি আয়ারল্যান্ডের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ইসোবেল জয়েসের ৪৩ ও এইমার রিচার্ডসনের ৩১ রানের সুবাদে দেড়শ রানের কাছাকাছি স্কোর গড়ে স্বাগতিকরা।
সালমা খাতুন ও রুমানা আহমেদ নেন দুটি করে উইকেট। উইকেট না পেলেও খাদিজাতুল কুবরা ছিলেন দারুণ মিতব্যয়ী। ৯ ওভারে মাত্র ১১ রান দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৪৫৬ঘ.
bdnews24