ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) মঙ্গলবার জয় পেয়েছে উথুরা রুদ্রস ও উভা নেক্সট। উথুরা ৪ উইকেটে হারিয়েছে বাসনাহিরা ক্রিকেট ডান্ডিকে। এর আগে রুহুনা রয়্যালসকে ১৪ রানে হারিয়ে উভা।
বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে এসএলপিএলে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাসনাহিরায় খেলছেন বাংলাদেশ সহ-অধিনায়ক।
বাসনাহিরা-উথুরা
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫০ রান করে বাসনাহিরা। সর্বোচ্চ ৪৪ রান করেন রিলি রোসোউ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান ক্যামেরন বোর্গাসের। মাহদুল্লাহ ৭ বলে করেন ১৩ রান।
৩৫ রানে ২ উইকেট নিয়ে মধুশঙ্কা একানায়েকে উথুরার সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ২ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় উথুরা। সপ্তম উইকেটে ৫ ওভার ৪ বলে ডিলন দু পেরেজের (২১*) সঙ্গে চামারা কাপুগেদারার (৬৯*) ৭০ রানের জুুটি উথুরাকে দারুণ জয় এনে দেয়। এর আগে ইমরান ফারহাতের ২৬ রানের পরও ৮৬ রানে ৬ উইকেট হারায় দলটি।
মাহমুদুল্লাহ ২ ওভার বল করে ৯ রানে ১ উইকেট নেন।
উভা-রুহুনা
এর আগে একই মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করে উভা। সর্বোচ্চ ৪৮ রান করেন উপুল থারাঙ্গা। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অপরাজিত থাকেন ২৮ রানে।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে রুহুনার সেরা বোলার ওয়াহাব রিয়াজ।
লক্ষ্য তাড়া করতে নেমে রিয়াজের অপরাজিত ৩১ রানের পরও ৯ উইকেটে ১৪১ রানেই থেমে যায় রুহুনার ইনিংস। চামারা সিলভার ২৩ রানের পরও ৬৪ রানে রুহুনার অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে ফিরলে শেষ পর্যন্ত আর খেলায় ফিরতে পারেনি দলটি।
১৯ রানে ৪ উইকেট নিয়ে সেকুগে প্রসন্ন উভার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৬ ঘ.
bdnews24