২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 03:26 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টাউন্সভিলের এন্ডেভার পার্কের দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৪৫ ওভার ৫ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয় নি। ক্যামেরন বানক্রফট (১) রানের খাতা খুললেও মেরিক বুকানন ও কার্টিস প্যাটারসন ফেরেন শূন্য হাতে। দলীয় ৩৩ রানে জিমি পিয়ারসন (২১) রান আউট হয়ে গেলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে পঞ্চম উইকেটে ট্র্যাভিস হেডের (৪৪) সঙ্গে অধিনায়ক উইলিয়াস বসিস্টোর ৬৭ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে খেলায় ফেরায় বর্তমান চ্যাম্পিয়নদের। ষষ্ঠ উইকেটে অ্যাশটন টার্নারের (২৭*) সঙ্গে বসিস্টোর অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি শেষ পর্যন্ত সহজ জয় এনে দেয় অস্ট্রেলিয়াকে। ম্যাচ শেষে ৭১ রানে অপরাজিত থাকেন বসিস্টো। তার ১৩৪ বলের ইনিংসে ৭টি চার। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও আবু জায়েদ দুটি করে উইকেট নেন। এর আগে লিটন দাসের (২২) সঙ্গে সৌম্য সরকারের ৬৪ রানের উদ্বোধনী জুুটির সৌজন্যে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। লিটনের রান আউট দিয়ে ভাঙ্গে অস্ট্রেলিয়ার জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি। এক প্রান্তে সৌম্য অবিচল থাকলেও অন্য প্রান্তে অধিনায়ক আনামুল হক (৯) ও সালমান হোসেনের (৩) দ্রুত বিদায় বাংলাদেশকে অস্বস্তি¡তে ফেলে। ৮০ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে দলীয় ১২০ রানে সৌম্যর বিদায়ে বড় একটা ধাক্কা খায় দলটি। দলীয় সংগ্রহে ৮ রান যোগ করার পথে আসিফ আহমেদ (১), আল-আমিন (৬) ও নুরুল হাসানের (১) বিদায় দলের বিপদ আরো বাড়ায়। এরপর নুর হোসেন (১৭) ও নাঈম ইসলাম জুনিয়র (১৫) দুই অঙ্কের কোঠায় পৌঁছালেও ৭ ওভারে আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৫১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ বড় করার সুযোগ হারিয়েছে দলটি। ৩০ রানে ৩ উইকেট নিয়ে ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার সেরা বোলার। এছাড়া অ্যাশটন টার্নার ও জোয়েল প্যারিস দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২২০ ঘ.