ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার সময়সীমা বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শনিবার ১৫ জনের দল ঘোষণার শেষ সময় ছিল। তবে কয়েকটি ক্রিকেট বোর্ডের অনুরোধে ২৪ অগাস্ট পর্যন্ত দল ঘোষণা করা যাবে বলে জানিয়েছে আইসিসি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএলপিএল এখন চলছে। এই টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে দল গড়তে চাওয়া ক্রিকেট শ্রীলঙ্কাও সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছিলো আইসিসির কাছে।
১২টি দলের মধ্যে এখন পর্যন্ত শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৩১ঘ.
bdnews24