ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুসরার আবিষ্কারক পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলায়েন মুশতাককে জাতীয় দলে স্পিন বোলিং কোচ হিসেবে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত সাকিব আল হাসান।
বুধবার জাতীয় দলের অনুশীলন শেষে ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, “সাকলায়েন মুশতাকের কাছ থেকে বোলিংয়ে বৈচিত্র্য আনার কৌশল রপ্ত করার চেষ্টা করবো।”
বৃহস্পতিবার অনুশীলন শেষে ঈদের ছুটি শুরু হয়ে যাবে ক্রিকেটারদের। মঙ্গলবার ঢাকায় আসা সাকলায়েন তাই সময় নষ্ট না করে বুধবার সকালেই সাকিব, আব্দুর রাজ্জাক, মাহমুদুল্লাহ রিয়াদদের নিয়ে কাজ শুরু করেন।
সাকিব আরো বলেন, “সাকলায়েনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার বোলিংয়ে বৈচিত্র্য আনতে চাই। তাছাড়া ম্যাচে কঠিন পরিস্থিতিতে কী করে জয় ছিনিয়ে আনা যায়, সেটাও আমরা তার কাছ থেকে রপ্ত করার চেষ্টা করবো। যদিও সময়টা মাত্র চার মাসের। কিন্তু শেখার আগ্রহ থাকলে এক সপ্তাহেও অনেক কিছু শেখা যায়।”
অফস্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহর সঙ্গে অনেকটা সময় কাটান সাকলায়েন। অনুশীলন শেষে জাতীয় দলের সহ-অধিনায়ক বলেন, “আজ (বুধবার) তিনি আমার গ্রিপিং নিয়ে কাজ করেছেন। তার কাছ থেকে দুসরা সম্পর্কে জানতে চেয়েছি। তিনি আমাকে এই কৌশলটা শেখাবেন বলে জানিয়েছেন।”
“তাছাড়া কিভাবে স্পট বোলিং করা যায় এবং বোলিংয়ে বৈচিত্র্য আনা যায় সে সবও তার কাছে জানতে চেয়েছি। এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে রপ্ত করার চেষ্টা করবো। আমরা সবে শুরু করেছি। সামনে অনেক দিন পড়ে আছে। তার কাছ থেকে এই কৌশলগুলো ভালো ভাবে জেনে নিতে হবে,” যোগ করেন রিয়াদ।
সাকিবদের নিয়ে কাজ করে সাকলায়েন মুগ্ধ। অনুশীলন শেষে তিনি বলেন, “একটি ভালো কাজের পূর্ব শর্ত হচ্ছে সম্পর্কোন্নয়ন। আমি প্রথমে সেটা করারই চেষ্টা করছি। কারণ কাজের পরিবেশ ভালো হলে কোনো সমস্যাই থাকে না।”
“বাংলাদেশ মূলত স্পিন নির্ভর দল। আর সেই দলের অংশ হতে পেরে আমি নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি। যদিও বাংলাদেশ দলে অনেক বাঁহতি স্পিনার আছে। কিন্তু এটা কোনো সমস্যা হবে না। কারণ আমি বাংলাদেশি স্পিনারদের লাইন-লেন্থ এবং বৈচিত্র্য নিয়ে কাজ করবো। একই সঙ্গে স্পিন বোলিংয়ের দুর্বল দিকগুলো চিহ্নিত করে দ্রুত উন্নতি করারও চেষ্টা করবো,” যোগ করেন পাকিস্তানের সাবেক তারকা অফস্পিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১১ঘ.
bdnews24