ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টে কেভিন পিটারসেনকে বাদ দিয়েছেন ইংল্যান্ডের নির্বাচকরা। তবে এই আক্রমণাত্মক ব্যাটসম্যানের অনুপস্থিতি স্বাগতিকদের দুর্বল করে দেয়নি বলেই মনে করেন গ্রায়েম সোয়ান ও টিম ব্রেসনান।
হেডিংলিতে দ্বিতীয় টেস্টে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন পিটারসেন। তবে ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে ঝড় তোলা একটি বিতর্কিত এসএমএসের জের ধরে তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মঙ্গলবার বিখ্যাত ‘সান’ পত্রিকায় লেখা কলামে সোয়ান বলেন, “একজন খেলোয়াড়কে হারালেই একটি দল দুর্বল হয়ে পড়ে না।”
“আমাদের সবাইকে এক লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১০ জন একটি কাজ করবে আর অন্য জন তা করবে না এটা তো হতে পারে না,” যোগ করেন এই অফস্পিনার।
সোয়ান আরো বলেন, “কেভিন সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেয়ার পর থেকেই আমরা সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচে অপরাজিত।” গত মে মাসে ওয়ানডে থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত পিটারসেন।
পিটারসেনবিহীন ইংল্যান্ড সম্পর্কে ব্রেসনানের বিশ্লেষণ আরো রূঢ়। এই পেসারের মতে, পিটারসেন না থাকায় ইংল্যান্ড বরং আরো শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, “একজন প্রতিভাবান খেলোয়াড়ের স্থান আরেক প্রতিভাবানকে দিয়ে পূরণ করা যেতে পারে। সুযোগটা তাহলে কাজে লাগানো হবে না কেন?”
প্রথম টেস্ট হেরে যাওয়ায় ৩ ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে আছে ইংল্যান্ড। লর্ডসে জিততে না পারলে দক্ষিণ আফ্রিকার কাছে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান হারাবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫৫ঘ.
bdnews24