ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার ঢাকায় এসেই কাজ শুরু করে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক। সাকিব আল-হাসান, আব্দুর রাজ্জাকদের স্পিন শেখানোর দায়িত্ব পেয়ে আনন্দিত পাকিস্তানের সাবেক অফস্পিনার।
তিনি বলেন, “বাংলাদেশে আসতে পেরে আমি উচ্ছ্বসিত। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়ে ভালো লাগছে।”
“আমি নিয়মিত এদেশের ক্রিকেটের খোঁজ রাখি। তাই জানি এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আশা করি আমার মিশন সফল হবে,” যোগ করেন বিসিবির সঙ্গে চার মাসের জন্য চুক্তিবদ্ধ সাকলায়েন।
সকাল ১০টায় বিমান বন্দরে পৌঁছেই সরাসরি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে যান অফস্পিনারদের অন্যতম অস্ত্র ‘দুসরা’র আবিষ্কারক।
প্রথম দিন অবশ্য সবাইকে পাননি সাকলায়েন। ক্যাম্পে ডাক পাওয়া ১৯ জনের মধ্যে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও নাসির হোসেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) খেলতে এখন কলম্বোয়। মোহাম্মদ আশরাফুল খেলছেন ইংল্যান্ডের কেন্ট লিগে। মঙ্গলবার ব্যক্তিগত কাজের জন্য অনুপস্থিত ছিলেন আরো ৮ জন।
মাহমুদুল্ল¬াহ রিয়াদ, ইলিয়াস সানি, জহুরুল ইসলাম, ফরহাদ রেজাসহ বাকি ৭ ক্রিকেটারের সঙ্গে পরিচিত হয়েছেন সাকলায়েন।
এরপর প্রধান কোচ রিচার্ড পাইবাস ও বোলিং কোচ শেন জাগের্নসেনের সঙ্গে ছোট্ট একটা বৈঠকও করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৮ঘ.
bdnews24