ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের দল থেকে বাদ পড়ায় ভীষণ হতাশ কেভিন পিটারসেন।
স্কাই স্পোর্টসে দেয়া এক বিবৃতিতে ইংল্যান্ডের ৩২ বছর বয়সী আক্রমণাত্মক ব্যাটসম্যান বলেন, “আমাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়া হচ্ছে। পুরো বিষয়টি আমার পরিবার ও আমার জন্য খুবই অমর্যাদাকর। কিন্তু এখানেই আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ নয়।”
সতীর্থদের সম্পর্কে টুইটারের মানহানিকর বার্তাটি তার নয় নিশ্চিত করতে বলা হয় পিটারসেনকে। তিনি তা করতে ব্যর্থ হলে লর্ডস টেস্টে তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেন ইংল্যান্ডের নির্বাচকরা। অথচ আগের টেস্টেই দুর্দান্ত এক শতক করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।
গত মে মাসে ওয়ানডে থেকে অবসর নেয়ার পর থেকেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে পিটারসেনের সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না। তিনি আগামী বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের বদলে আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করলে সম্পর্কের আরো অবনতি ঘটে।
গত শনিবার এক ইউটিউব ভিডিও চিত্রে পিটারসেন জানান, দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলতে চান তিনি। এ সময় ওয়ানডে ক্রিকেটে ফেরার ইচ্ছাও প্রকাশ করেন আন্তর্জাতিক ক্রিকেটে ‘কেপি’ নামে পরিচিত পিটারসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৮ঘ.
bdnews24