ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের প্রাথমিক তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, নাসির হোসেন ও ইলিয়াস সানি। এছাড়া প্রথম বারের মতো বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন একজন নারী, ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাটে-বলে আলো ছড়িয়ে যাওয়া নাসির আছেন উদীয়মান ক্রিকেটারদের তালিকায়। আর বাঁহাতি স্পিনার সানির জায়গা হয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের তালিকায়।
আইসিসি বর্ষসেরার প্রাথমিক তালিকায় থাকা অবশ্য সাকিবের জন্য নতুন কিছু নয়। এশিয়া কাপে অল্পের জন্য শিরোপাবঞ্চিত বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের অন্যতম রূপকার ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই সাফল্য পেয়েছেন বছর জুড়ে।
গত নভেম্বরে অভিষেকের পর ১৪ ওয়ানডেতে ৫৭৬ রান, ৪ টেস্টে ৪৪৮ রান ও ৮টি-টোয়েন্টিতে ১০৯ রান করা নাসিরের প্রধান প্রতিদ্বন্দ্বী সুনীল নারায়ণ, দিনেশ চান্দিমাল, জুনায়েদ খান, নাথান লিয়ন, জেমস প্যাটিনসন ও লাহিরু থিরিমান্নে।
ইউরোপ সফরে টি-টোয়েন্টি অভিষেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নেন সানি। বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের তালিকায় রয়েছে এটি।
২০১১ সালের ৪ অগাস্ট থেকে ২০১২ সালের ৬ অগাস্ট পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জুরি বোর্ড। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
টেস্ট, ওয়ানডে ও বর্ষসেরা ক্রিকেটার তিন তালিকাতেই রয়েছেন সাঈদ আজমল, হাশিম আমলা, মাইকেল ক্লার্ক, কুমার সাঙ্গাকারা ও অ্যালিস্টার কুক।
এছাড়া বর্ষসেরার তালিকায় বিরাট কোহলি, স্টুয়ার্ট ব্রড ও ভারনন ফিল্যান্ডারের নামও আছে।
পিপলস চয়েস অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, জেমস অ্যান্ডারসন ও ফিল্যান্ডার। ৩১ অগাস্ট পর্যন্ত িি.িভধপবনড়ড়শ.পড়স/পৎরপশবঃরপপ ঠিকানায় পছন্দের ক্রিকেটারকে ভোট দেয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫০ঘ.
bdnews24