ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ দিনের সফরে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবে সালমা খাতুনের দল।
গত নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এটাই বাংলাদেশের প্রথম সফর।
চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বুধবার রওনা দেবে বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে ২০ ও ২৩ অগাস্ট এবং স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ ও ২৪ অগাস্ট ওয়ানডে চারটি খেলবেন বাংলাদেশের মেয়েরা। ২৭ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি। ২৯ অগাস্ট আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে আরো দুটি টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ হবে বাংলাদেশের।
বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), শুকতারা রহমান (সহ-অধিনায়ক), পান্না ঘোষ, লতা মন্ডল, আয়েশা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক, নুজহাত তাসনিম, সানজিদা ইসলাম, সুলতানা ইয়াসমিন, খাদিজা তুল কুবরা, তিথি রানী, শারমীন আক্তার ও রিতু মনি।
অপেক্ষমান: লিলি রানী, তাজিয়া আক্তার, শায়লা শারমিন ও চম্পা চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৭ঘ.
bdnews24