ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ডি গ্র“পের খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সুপার এইটে খেলতে হলে বৃহস্পতিবার গ্র“পের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে টাইগারদের।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৪ ওভার ৩ বলে ১৬১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে বাংলাদেশের শুরুটা ভালো হয় নি। তৃতীয় উইকেটে সহ-অধিনায়ক নুরুল হাসানের (২৭) সঙ্গে অধিনায়ক আনামুল হকের ৫৮ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে।
দলীয় ৮৩ রানে নুরুলের বিদায়ের পর আসিফ আহমেদ (১) ও মোসাদ্দেক হোসেন জুনিয়রের (৭) দ্রুত বিদায় বাংলাদেশের বিপদ আরো বাড়ায়।
ষষ্ঠ উইকেটে আল-আমিন জুনিয়রের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন আনামুলও (৩৯)। এরপর আল-আমিনকে একাই খেলতে হয়েছে। শেষ সাত ব্যাটসম্যানের মধ্য কেবল তিনিই পৌঁছান দুই অঙ্কের কোঠায়। তার ৩৩ রানের সুবাদে দেড়শ পেরোয় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ভিনসেন্ট মোর ও পিল্লাই তিনটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক শাদ বোয়েসের (১৮) সঙ্গে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের ৪৮ রানের উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেয়।
দ্বিতীয় উইকেটে শাইলিন পিল্লাইয়ের (২৭) সঙ্গে ৭০ ও তৃতীয় উইকেটে থিওনিস ডি ব্র“ইনের সঙ্গে ৫২ রানের দুটি কার্যকর জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কক (৯৫)। দলীয় ১৭০ রানে নুর হোসেনের বলে মোসাদ্দেক হোসেন জুনিয়রের হাতে ক্যাচ দেয়ার আগে ৯৫ রান করেন কক। তার ৯৩ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা।
চতুর্থ উইকেটে মারে কোয়েটজির সঙ্গে ৫৪ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে সাজঘরের পথ ধরেন ব্র“ইনও। ৫৪ বলে করা তার ৬৩ রানের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা।
এরপর কোয়েটজির ২৯, ডিয়েগো রোসিয়েরর ২০, কেলভিন স্যাভেজের ১৬ ও প্রিনেলান সুব্রায়েনের ১৪ রানের সুবাদে তিনশর কাছাকাছি স্কোর করে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের পক্ষে নুর হোসেন ও নাসুম আহমেদ তিনটি করে উইকেট নেন।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে সুপার এইটে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে টাইগাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২৩৮ ঘ.
bdnews24