২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের সমালোচনায় বব উইলিস

কেভিন পিটারসেনের ওপরে ভীষণ ক্ষুব্ধ বব উইলিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দেয়া পিটারসেনের সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন পিটারসেনের ওপরে ভীষণ ক্ষুব্ধ বব উইলিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দেয়া পিটারসেনের সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার। গত সোমবার এক সংবাদ সম্মেলনে পিটারসেন বলেন, ১৬ অগাস্ট থেকে লর্ডসে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টই হতে পারে তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। গত মে মাসে ওয়ানডে থেকে অবসর নেন ইংল্যান্ডের এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। উইলিসের ধারণা, আইপিএলে খেলে প্রচুর অর্থ আয় করতে চান পিটারসেন। অথচ সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়ে বুঝিয়ে দিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলতে তিনি প্রস্তুত নন। ‘স্কাই স্পোর্টস’ টেলিভিশনকে উইলিস বলেন, “এটা একটা গোলমেলে ব্যাপার। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের ৩০ জনের প্রাথমিক দলে জায়গা না পাওয়া তার জন্য একটা পরিষ্কার অর্থবহ ঘটনা।” “কিন্তু সে আইপিএলের পুরোটাই খেলতে চায়। অথচ এই টুর্নামেন্ট আগামী মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ঘরোয়া সিরিজের সময় হবে। তার ২৫ লাখ মার্কিন ডলার আয় করতে চাওয়ার মাশুল দিতে হবে ইংল্যান্ডকেই,” যোগ করেন তিনি। ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মাইক গ্যাটিং অবশ্য পিটারসেনের ওপরে এতটা রূঢ় হতে পারছেন না। তিনি বলেন, “আমি জানি না কেন এখনই সে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চায়। যদিও এটা পুরোপুরি কেপির ওপরেই নির্ভর করছে। সিদ্ধান্তটা তারই, অন্য কারো নয়। তাকে হারানোটা আমাদের জন্য ভীষণ দুঃখজনক ঘটনা হবে। তবে এটা অন্য কাউকে ইংল্যান্ড দলে আসার সুযোগও করে দেবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২২ঘ.