২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউচারের দুঃখ, বাউচারের যন্ত্রণা

দক্ষিণ আফ্রিকার এবারের ইংল্যান্ড সফর যে এমন অভিশাপ হয়ে আসবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। সমারসেটের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বেলের আঘাতে বাঁ চোখে মারাত্মক ব্যথা পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর দুঃখ এখনো ভুলতে পারছেন না মার্ক বাউচার। ক্রিকেট-ইতিহাসের সফলতম উইকেটরক্ষককে সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে মাঠে ফেরার অনিশ্চয়তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার এবারের ইংল্যান্ড সফর যে এমন অভিশাপ হয়ে আসবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। সমারসেটের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বেলের আঘাতে বাঁ চোখে মারাত্মক ব্যথা পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর দুঃখ এখনো ভুলতে পারছেন না মার্ক বাউচার। ক্রিকেট-ইতিহাসের সফলতম উইকেটরক্ষককে সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে মাঠে ফেরার অনিশ্চয়তা। আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ৯৯৮টি ডিসমিসালের মালিক ৩৫ বছর বয়সী বাউচার বুধবার এক বিবৃতিতে বলেন, “অদূর ভবিষ্যতে পেশাদার ক্রিকেটে খেলতে পারবো কিনা, তা এখনই বলা মুশকিল। এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ আমি আবার কেপ কোবরাসের (দক্ষিণ আফ্রিকার দল) হয়ে খেলার জন্য সাগ্রহে অপেক্ষা করছিলাম।” “বাঁ চোখ আরো ক্ষতিগ্রস্ত হওয়া, এমনকি অন্য চোখটির ক্ষতির আশঙ্কাও এখনো উড়িয়ে দেয়া যাচ্ছে না। আসলে মানসিক এবং শারীরিক দু দিক দিয়েই ভীষণ কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে আমাকে,” যোগ করেন তিনি। চোটের পুঙ্খানুপুঙ্খ বিবরণও দেন বাউচার। তিনি বলেন, “আমি বাঁ চোখের লেন্স (মণির পিছনের স্বচ্ছ অংশ), আইরিস (মণির রঙিন অংশ) ও পিউপিল (মণি) হারিয়েছি। রেটিনারও ভীষণ ক্ষতি হয়েছে।” “কখনো-কখনো ব্যথাটা খুব তীব্র হয়ে ওঠে। সেরে উঠতে যে অনেক সময় লাগবে, তা আমি মেনে নিয়েছি। বাঁ চোখে সামান্য দৃষ্টি শক্তি ফিরে পেতেও অনেক সময় লাগবে। আমাকে তাই অনেক ধৈর্য্য ধরতে হবে,” যোগ করেন তিনি। বাউচার আরো জানিয়েছেন, আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকায় গন্ডার শিকারের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি অলাভজনক কোম্পানি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৩৫ঘ.