ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাদের অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কাকে সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করেন সনাৎ জয়াসুরিয়া।
দুই কিংবদন্তী বোলার মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাসের বিদায়ের পর শ্রীলঙ্কার সময়টা ভালো যাচ্ছে না। গত বছর ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর আগে প্রায় দুই বছর কোনো সিরিজ জিততে পারেনি তারা।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা দলের তিন ব্যাটিং-স্তম্ভ জয়াবর্ধনে, সাঙ্গাকারা ও তিলকরতেœ দিলশানের অবসরের জোরালো সম্ভাবনা। তাদের অনুপস্থিতিতে জাতীয় দলের কথা ভেবে এখনই শঙ্কিত শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার জয়াসুরিয়া।
তিনি বলেন, “এই তিন জনই দুর্দান্ত ক্রিকেটার। খুব তাড়াতাড়ি তাদের বিকল্প খুঁজে পাওয়া কঠিনই হবে। আমার মনে আছে, অর্জুনা (রানাতুঙ্গা) ও অরবিন্দ (ডি সিলভা) অবসর নেয়ার পর আমরা কিভাবে তাদের শূণ্যস্থান পূরণ করবো তা প্রত্যেকেই জানতে চেয়েছিলো।”
“ঐ ধাক্কা কাটিয়ে উঠতে আমাদের ছয় মাস থেকে এক বছর লেগেছিলো। এরপর ধীরে-ধীরে সাঙ্গাকারা ও অন্যরা উঠে আসে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাই,” যোগ করেন তিনি।
১৯৯৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় তাই চাইছেন, এখন থেকেই নির্বাচকরা যেন তরুণদের ওপরে আরো আস্থা রাখেন, নির্ভর করেন।
জয়াসুরিয়া বলেন, “হ্যাঁ, আমরা কয়েকটি ম্যাচ হেরেছি। তবে অভিজ্ঞতা অর্জনের জন্য তরুণ ক্রিকেটারদের আরো বেশি সুযোগ দিতে হবে আমাদের।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫১ঘ.
bdnews24