ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এমন ঘটনা বাংলাদেশ তো বটেই, বিশ্ব ক্রিকেটেই বিরল। অখেলোয়াড়োচিত আচরণের কারণে ভারত সফর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক শাহরিয়ার নাফীসকে। যে সিদ্ধান্তে তিনি একই সঙ্গে হতাশ ও বিস্মিত।
নাফীসের বিশ্বাস, ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টসের বিপক্ষে তার আউটের সিদ্ধান্তটা সঠিক ছিল না। দেশে ফেরার পর দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফিরে ক্ষোভ প্রকাশ করেছিলাম। এটা টিম ম্যানেজমেন্টের কাছে ভালো মনে হয়নি।”
“তারা বিসিবির সঙ্গে যোগাযোগ করে আমাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। হয়তো আমার ক্ষোভ প্রকাশের ধরণ একটু বেশিই হয়ে গিয়েছিলো,” যোগ করেন নাফীস।
তবে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে তিনি ভীষণ বিস্মিত। নাফীস বলেন, “এতটুকুর জন্য টুর্নামেন্ট চলার সময় অধিনায়ককে দেশে ফেরত পাঠাতে হবে!”
“দেশে ফেরার পর এখনো আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এ ব্যাপারে কেউ কিছু জানতেও চায়নি। দেশে ফেরার কথা ক্রিকেট পরিচালনা কমিটির ব্যবস্থাপককে (সাব্বির খান) জানিয়েছি। ‘এ’ দল দেশে ফেরার পর আমাকে ডাকা হবে। তখনই আমি আমার বক্তব্য জানাবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৬ঘ.
bdnews24